বাংলা সঙ্গীতের কিংবদন্তি শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই
আজ, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলা সঙ্গীতের কিংবদন্তি শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই। আজ, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। প্রতুল মুখোপাধ্যায় ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন। দেশবিভাগের পর তিনি পরিবারের সঙ্গে ভারতে চলে আসেন এবং পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়ায় বসবাস শুরু করেন। ছোটবেলা থেকেই তিনি কবিতা ও গানে সুরারোপ করতেন।
নিজের লেখা ও সুরে গাওয়া 'আমি বাংলায় গান গাই' গানটি তাঁকে বিশেষভাবে পরিচিতি এনে দেয়। প্রতুলের উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে 'পাথরে পাথরে নাচে আগুন' (১৯৮৮), 'যেতে হবে' (১৯৯৪), 'স্বপ্নের ফেরিওয়ালা' (২০০০), 'স্বপনপুরে' (২০০২), 'অনেক নতুন বন্ধু হোক' (২০০৪), 'আঁধার নামে' (২০০৭) ইত্যাদি। তিনি 'গোসাইবাগানের ভূত' চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠও দিয়েছেন। তার গানে উঠে আসতো মানুষের কথা, মানুষের জীবন। সে কারণেই তিনি বেঁচে থাকবেন মানুষের মাঝে তার সৃষ্টির মাধ্যমে।
প্রয়াণ দিবসে প্রতুল মুখোপাধ্যায় এর প্রতি শ্রদ্ধা জানায় প্রান্তিক নিউজ।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।

