নাফ নদী থেকে ১১ বাংলাদেশি জেলেসহ ট্রলার নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীর মোহনা থেকে অন্তত ১১ জন জেলেসহ পাঁচটি মাছ ধরার ট্রলার অপহরণ করেছে মিয়ানমারের বিদ্রো/হী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ মঙ্গলবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের কাছে এ ঘটনা ঘটে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, জেলেসহ ট্রলারগুলো মিয়ানমারের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত দুটি ট্রলারের পরিচয় পাওয়া গেছে—একটি মো. কালামের, যাতে ছিলেন পাঁচ জেলে, এবং অন্যটি মো. শাওনের, যাতে ছিলেন ছয় জেলে।
অন্য তিনটি ট্রলারের বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, ট্রলারগুলোর মধ্যে তিনটি টেকনাফের এবং দুটি শাহপরীর দ্বীপের। শাহপরীর দ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান বলেন, “ট্রলার অপহরণের কথা শুনেছি, তবে কোন ঘাট থেকে সেগুলো গেছে তা এখনও স্পষ্ট নয়।” বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার, লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, “ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি।”
স্থানীয় এক মাছ ব্যবসায়ী নুরুল কায়েস বলেন, “জেলেদের মিয়ানমারে নিয়ে যাওয়ার ঘটনা বারবার ঘটছে। জেলেরা এখন আতঙ্কে আছে। এর স্থায়ী সমাধান না হলে তারা আর সাগরে যেতে চায় না।”
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





