প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

লায়লা খালেদ, একটি নাম, একটি মুখ, একটি প্রতিরোধের প্রতীক

ফিলিস্তিনের স্বাধীনতার ইতিহাসে তাঁর অবস্থান কেবল একটি অধ্যায় নয়, বরং একটি বিপ্লবের প্রতীকী মুখ।

ফটোকার্ড: লায়লা খালেদ, একটি নাম, একটি মুখ, একটি প্রতিরোধের প্রতীক

লায়লা খালেদ—একটি নাম, একটি মুখ, একটি প্রতিরোধের প্রতীক। ফিলিস্তিনের স্বাধীনতার ইতিহাসে তাঁর অবস্থান কেবল একটি অধ্যায় নয়, বরং একটি বিপ্লবের প্রতীকী মুখ। এক হাতে একে-৪৭, মুখে দৃঢ়তা আর চোখে আগুন—এই দৃশ্যই হয়ে উঠেছিল দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা নারীর সাহসী উচ্চারণ। ১৯৬৯ সালে, মাত্র ২৫ বছর বয়সে, তিনি ইতিহাসে প্রথম নারী হিসেবে একটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই করেন। এর পরের বছর কসমেটিক সার্জারির মাধ্যমে নিজের চেহারা বদলে আবারও ছিনতাইয়ের চেষ্টা করেন।

তাঁকে লন্ডনে গ্রেপ্তার করা হয়, কিন্তু পরে এক নাটকীয় বন্দিবিনিময়ের মাধ্যমে মুক্তি পান। এই দুঃসাহসিক অভিযানের পেছনে ছিল একটি জাতির স্বাধীনতার দাবি, নিজেদের ভূমি থেকে উচ্ছেদ হওয়া মানুষের ঘরে ফেরার আকাঙ্ক্ষা। লায়লা ছিলেন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (PFLP)-এর সদস্য—একটি বামপন্থী, সশস্ত্র প্রতিরোধ সংগঠন, যা ফিলিস্তিনিদের মুক্তির লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছিল। তিনি ছিলেন একজন মার্ক্সবাদী, নারীবাদী, এবং নিপীড়িত মানুষের পক্ষে দৃঢ় কণ্ঠস্বর।

তাঁর ছবি—কাফায়া গলায় পেঁচানো, হাতে অস্ত্র—বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে প্রতিরোধের এক প্রতীকী ছবি হিসেবে। বিশেষত ৭০-এর দশকের বিপ্লবী তরুণ-তরুণীদের কাছে তিনি হয়ে উঠেছিলেন অনুপ্রেরণা, সাহসের প্রতিচ্ছবি। আজ, ফিলিস্তিন প্রশ্নে বিশ্ব রাজনীতি যখন সংকীর্ণতায় ভুগছে, তখন লায়লা খালেদের জীবন ও সংগ্রাম স্মরণ করাটা শুধু ইতিহাস চর্চা নয়, বরং একটি দায়িত্ব। তাঁর মতো নারীদের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা শুধু ভুল নয়, অন্যায়।

বর্তমানে ৮০ বছর বয়সী এই বিপ্লবী নারী জর্ডানে অসুস্থ অবস্থায় আছেন। তাঁর দেহ দুর্বল হতে পারে, কিন্তু তাঁর জীবন যে ভাষায় কথা বলে, তা আজও গর্জে ওঠে নিপীড়নের বিপরীতে। লায়লা খালেদ শুধু একটি নাম নন, তিনি ফিলিস্তিনি জাতির সংগ্রাম, নারীর সাহসিকতা, এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেতনার এক জীবন্ত প্রতিমূর্তি। গতকাল ছিল লায়লা খালেদের জন্মদিন। সাহস, প্রতিরোধ ও বিপ্লবের এই প্রতীকী নারীর প্রতি গভীর শ্রদ্ধা। তাঁর সংগ্রাম আজও আমাদের অনুপ্রেরণা দেয়।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।