প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

খালি কলসি হাতে সুপেয় পানির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

খালি কলসি হাতে সুপেয় পানির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বরগুনার পাথরঘাটার উত্তর কাঠালতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডে সুপেয় পানির তীব্র সংকট নিরসনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে কয়েক শতাধিক মানুষ খালি কলসি হাতে নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা জানান, প্রায় ৪০ বছর ধরে এলাকাটি নিরাপদ পানির সংকটে ভুগছে। পাঁচ শতাধিক পরিবারের জন্য পর্যাপ্ত পানি সরবরাহের কোনো সরকারি উদ্যোগ নেই। যদিও সরকারি পুকুর বা অন্যান্য পানির উৎস অন্য এলাকায় থাকলেও এই অঞ্চলে নেই সুপেয় পানির স্থায়ী কোনো ব্যবস্থা।

এলাকাবাসীর দাবি, তাদের প্রধান পানির উৎস হলো বৃষ্টির পানি। কিন্তু সারাবছর সেই পানি ধরে রাখার ব্যবস্থা না থাকায় বেশিরভাগ সময়ই পুকুর বা খালের অনিরাপদ পানি পান করতে বাধ্য হন তারা, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বিশেষ করে শিশু ও নারীসহ বিভিন্ন বয়সের মানুষ নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। তারা আরও জানান, এলাকায় কয়েকটি গভীর নলকূপ স্থাপন করা হলেও লবণাক্ততার কারণে তা কার্যকর হয়নি। ফলে এলাকাবাসী প্রতিটি ঘরে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক স্থাপনের দাবি জানান।

এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, “পানি সংকট নিরসনে অচিরেই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হবে। যেসব ট্যাংক বরাদ্দ রয়েছে, তা দ্রুত সময়ের মধ্যে বিতরণ করা হবে। তবে ৫০০ পরিবারের জন্য আলাদা বরাদ্দ পেলে ট্যাংক স্থাপন আরও সহজ হবে।”

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।