মব সৃষ্টি করে টাঙ্গাইলে অভয়ারণ্য পাঠাগারে হামলা-ভাঙচুর, লুটপাট

গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক আটটার দিকে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান ‘অভয়ারণ্য পাঠাগার’-এ একদল যুবক পরিকল্পিতভাবে মব তৈরি করে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। বাঁধা দিতে গেলে খুন-জখমের হুমকিও দেওয়া হয়। পাঠাগার কর্তৃপক্ষ জানান, হামলাকারীরা অভিযোগ তুলে বলেন—"এখান থেকে মানুষ নাস্তিকের বই পড়ে।..উপর থেকে নির্দেশ আছে এই পাঠাগার ভেঙে দেওয়ার, পুড়িয়ে দেওয়ার।"
তারা পাঠাগারের মূল্যবান বই ব্যাগে পুরে নেয় এবং জায়গাটিকে "নাস্তিকতার কেন্দ্র" আখ্যা দেয়। একপর্যায়ে ধনবাড়ী থানার ডিএসবি কর্মকর্তা আদনান ছদ্মবেশে পাঠাগারে উপস্থিত হয়ে হামলাকারীদের কাছ থেকে জানতে চান, কোন বইগুলো ‘নাস্তিকতার উৎস’—তারা সুনির্দিষ্টভাবে কোনো বই দেখাতে পারেনি। যখন পুলিশ কর্মকর্তার পরিচয় প্রকাশ পায়, তারা দ্রুত অবস্থান বদল করে এবং বইগুলো ইউএনও অফিসে জমা দেওয়ার অজুহাতে স্থান ত্যাগ করে।
এই হামলায় আনুমানিক ২ লক্ষ টাকার বই ও কাগজপত্র লুট এবং ৫০ হাজার টাকার আসবাবপত্র ভাঙচুর হয় বলে দাবি করেন পাঠাগার কর্তৃপক্ষ। পূর্বেও, ৩১ মার্চ ২০২২ সালে একই পাঠাগারে হামলা চালিয়ে “মানবতার দেয়াল”-এ আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, যার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১২৩০) করা হয়। ঘটনার পরদিন, ২৫ এপ্রিল ধনবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগে গোলাম রাব্বানী (রিশাদ), সোহেল, শাফি, শহিদুল ইসলাম আলামিনসহ ১৫-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
অভিযোগপত্রে ফেসবুক লাইভসহ বিভিন্ন প্রমাণ উপস্থাপন করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ৪ নম্বর বিবাদীর ইন্ধনে ১ নম্বর বিবাদীর নেতৃত্বে সকল বিবাদীগণ একযোগে রাতের বেলা লাইব্রেরিতে জোরপূর্বক প্রবেশ করে বইপত্র লুট এবং ভাঙচুর চালায়। পাঠাগারের সাধারণ সম্পাদক বাধা দিতে গেলে ২ ও ৩ নম্বর বিবাদী তাকে খুন-জখমের হুমকি প্রদান করে। ২০১৫ সালে প্রতিষ্ঠিত ‘অভয়ারণ্য পাঠাগার’ ধনবাড়ী অঞ্চলে মুক্তচিন্তা, পাঠচর্চা ও সামাজিক সচেতনতা তৈরির নিরপেক্ষ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।
তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে জাতীয় দিবস পালন, পাঠচক্র, কুইজ প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতা। পাঠাগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, “এই হামলা কেবল বইয়ের উপর নয়—মুক্তচিন্তা ও যুক্তিনির্ভর জ্ঞানচর্চার একটি নিরাপদ পরিসরকে ধ্বংসের চেষ্টা। এটি একটি সংগঠিত ও পূর্বপরিকল্পিত আক্রমণ।” তারা প্রশাসনের প্রতি দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে পাঠাগার ও পাঠকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





