প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি

সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত সংগঠন হিসেবে বিচার প্রক্রিয়া চলাকালীন সময় পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আজ বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগ বিচারাধীন অবস্থায় থাকা অবস্থায় তার সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি হয়েছে।”

এর আগে গতকাল রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে সংশোধনী এনে একটি অধ্যাদেশ জারি করেন, যেখানে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি বা সংগঠনের পক্ষে কোনো প্রচার, সোশ্যাল মিডিয়া কনটেন্ট, বা জনসমাবেশ করা যাবে না। নতুন সংশোধিত আইনের ২০ ধারা অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অফিস বন্ধ, ব্যাংক হিসাব জব্দ, প্রচারসামগ্রী বাজেয়াপ্ত, সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা এবং সবধরনের প্রচারণা নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত খসড়াটি অনুমোদন পায়। পরে প্রেস উইং জানায়, নতুন এক ধারা যুক্ত করে নিষিদ্ধ ব্যক্তি বা সংগঠনের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আওয়ামী লীগ দেশের জনগণের অধিকারে হস্তক্ষেপ করেছিল। তাই এ সিদ্ধান্তে জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।”

তিনি আরও জানান, জুলাই মাসের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।