উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট; আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আবুল কাশেম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিবুল হক বসুনিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৭ মে) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত অফিস আদেশে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। গত ২৬ জানুয়ারি উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের “পোষাচ্ছে না তো অন্য পেশায় যান” মন্তব্যের প্রতিবাদে ফেসবুকে পোস্ট করেছিলেন মনিবুল। তিনি লিখেছিলেন, “আপনার কথাবার্তা ফ্যাসিস্ট আমলের মন্ত্রীদের সঙ্গে মিলে যায়।”
এই পোস্টের চার মাস পর তাকে বরখাস্ত করা হলো। অভিযোগে বলা হয়েছে, তার পোস্টে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এটি সরকারি কর্মচারী আচরণবিধির পরিপন্থি। তবে শিক্ষক মনিবুল অভিযোগ করেন, তাকে আগে কোনও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি এবং এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। তিনি আরও বলেন, “একজন ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে যদি আমার কণ্ঠরোধ করা হয়, তাহলে বাকিদের কী হবে?” বরখাস্তের ঘটনায় শিক্ষামহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





