প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

মাদারগঞ্জে দেড় হাজার কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি, শাহবাগে গ্রাহকদের বিক্ষোভ

মাদারগঞ্জে দেড় হাজার কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি, শাহবাগে গ্রাহকদের বিক্ষোভ

রাজধানীর শাহবাগে আজ শনিবার সমবায় সমিতির প্রতারণার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন জামালপুরের মাদারগঞ্জসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। অভিযোগ, সমিতির নামে প্রায় দেড় হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে উদ্যোক্তারা গা-ঢাকা দিয়েছেন, অথচ প্রশাসনের পক্ষ থেকে আমানতের টাকা উদ্ধারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সমাবেশে বক্তারা বলেন, মাদারগঞ্জসহ আশপাশের এলাকার সহজ-সরল মানুষদের কাছ থেকে বড় মুনাফার লোভ দেখিয়ে অর্থ সংগ্রহ করে শতদল, আল-আকাবা, স্বদেশ, নবদ্বীপসহ কয়েকটি সমবায় সমিতি।

পরে তারা কার্যক্রম বন্ধ করে পালিয়ে যায়। শুধু মাদারগঞ্জেই অন্তত ৩৫ হাজার গ্রাহক ক্ষতিগ্রস্ত, যাদের মধ্যে কেউ জমি বিক্রি করে, কেউ আবার প্রবাসী সন্তানের পাঠানো শেষ সঞ্চয় এসব সমিতিতে রেখেছেন। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র গণমঞ্চের কেন্দ্রীয় নেতা নিঘাত রৌদ্র। পরিচালনা করেন সাজিদুল হক। বক্তব্য রাখেন নাসির উদ্দিন নাসু, মাসুদ খান, মেঘমল্লার বসু, জাবির আহমেদ জুবেল, নাইম উদ্দিনসহ ভুক্তভোগী বীথি আফরিন, হুমায়ুন আহমেদ ও মোখলেসুর রহমান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রতারকদের সম্পদ বাজেয়াপ্ত করে পাওনা বুঝিয়ে না দিলে সচিবালয় ঘেরাও করে লাগাতার অবস্থান কর্মসূচি দেওয়া হবে।” সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত একটি মিছিল হয়। সেখানে কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ শেষ হয়। ব্যাঙের ছাতার মতো সমবায় সমিতি জেলা সমবায় কার্যালয়ের তথ্য অনুযায়ী, মাদারগঞ্জে নিবন্ধিত ১৬৩টি সমিতির মধ্যে ২৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।

২০২৩ সালের হিসাব অনুযায়ী, শুধু আল-আকাবার আমানত ৪১৮ কোটি, শতদলের ২২১ কোটি, স্বদেশের ৫৭ কোটি, নবদ্বীপের ২৫ কোটি টাকা। বাস্তবে এই হিসাব আরও বেশি বলে অভিযোগ। উপজেলাজুড়ে এসব সমিতি ব্যাংকের মতো কার্যক্রম পরিচালনা করে প্রায় ৫০ হাজার গ্রাহকের কাছ থেকে টাকা নিয়েছে। এখন সব অফিসে তালা ঝুলছে, গ্রাহকরা চরম অনিশ্চয়তায়। ভুক্তভোগীরা জানান, একাধিকবার থানা, আদালত, জেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ে অভিযোগ দিলেও প্রশাসন প্রতারকদের আড়াল করছে। অনেককে হেনস্তাও হতে হয়েছে।

এ অবস্থায় আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই বলেই জানান তারা। সূত্র: দেশকালনিউজ

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।