পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধে ভাঙন, চোখের সামনে নদীতে ঘরবাড়ি বিলীন

পদ্মা সেতু প্রকল্পের অংশ হিসেবে নির্মিত রক্ষা বাঁধে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাট এলাকায়। গতকাল সোমবার (৭ জুলাই) বিকেলে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়ে গেছে অন্তত ৫টি ঘরবাড়ি ও ৫টি ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয় বাসিন্দা শাহিন মাঝি বলেন,"বিকেল ৪টার দিকে খবর পাই ভাঙন শুরু হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে বাড়িঘর নদীতে তলিয়ে যায়।"
ঈদের দিন ভোররাতে মেরামত করা বাঁধেরই একাংশে প্রথমে ভাঙন দেখা দেয়, এরপর সোমবার শুরু হয় নতুন ভাঙন। ভাঙনের আশঙ্কায় আরও দোকানপাট সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। কিন্তু প্রয়োজনীয় শ্রমিক না থাকায় অনেকে অসহায় অবস্থায় নিজের ঘরের জিনিসপত্র নিজ হাতে সরিয়ে নিচ্ছেন। সাইদুল ইসলাম বলেন,"শ্রমিক পাচ্ছি না। পরিবারের সবাই মিলে যা পারছি টানাটানি করে বের করছি। আমরা চরম দুশ্চিন্তায় আছি।" রক্ষা বাঁধটি ২০১০-১১ সালে ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও গত কয়েক বছর ধরেই ভাঙনের মুখে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড কিছু অংশে জিওব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন স্থানীয়রা। বাদশা শেখ বলেন,"ভাঙন এখন বার্ষিক দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই, এখানে স্থায়ী একটি বেরিবাঁধ নির্মাণ হোক।" এদিকে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাজাহান সিরাজ ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান,"ভাঙনের অবস্থা খুবই ভয়াবহ। আমরা দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে ব্যবস্থা নিচ্ছি।"
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





