বনানী চেয়ারম্যান হাউস ইউ-টার্ন এলাকায় এক নারী পোশাক শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হন
তার মৃত্যুতে বিক্ষুব্ধ সহকর্মীরা আজ সোমবার (১০ মার্চ ২০২৫) সকালে সড়ক অবরোধ করেছেন।

বনানী চেয়ারম্যান হাউস ইউ-টার্ন এলাকায় এক নারী পোশাক শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার মৃত্যুতে বিক্ষুব্ধ সহকর্মীরা আজ সোমবার (১০ মার্চ ২০২৫) সকালে সড়ক অবরোধ করেছেন। এ ঘটনায় নিহত নারী পোশাক শ্রমিক উল্লেখ করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাসেল সরওয়ার বলেন, 'তার নাম সুমাইয়া আক্তার, বয়স ১৯ বা ২০ বছর হবে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।' তবে, আহত অপর একজনকে কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে সেটা এখনো জানতে পারেননি বলে মন্তব্য করেন ওসি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিয়া রহমান জিকো বলেন, "আজ সকালে বনানী চেয়ারম্যান হাউস ইউ-টার্ন এলাকায় এক নারী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে কোন যানবাহনের কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি।" তিনি জানান, দুর্ঘটনার পর গার্মেন্টস শ্রমিকরা এলাকায় সব রাস্তা অবরোধ করেছেন। "তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যান চলাচল বন্ধ করে দিয়েছেন," যোগ করেন তিনি।
ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী, গুলশান-২ থেকে গুলশান-১ হয়ে আমতলী দিয়ে যান চলাচল সম্ভব হলেও বনানী-কাকলী মোড় ও মহাখালীর আমতলীতে যানবাহন চলাচলে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





