প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

অযৌক্তিক বলে উড়িয়ে দেওয়া শ্রমিকদের ন্যায্য দাবি আন্দোলনের মুখে মেনে নিল কারখানা মালিকপক্ষ

অযৌক্তিক বলে উড়িয়ে দেওয়া শ্রমিকদের ন্যায্য দাবি আন্দোলনের মুখে মেনে নিল কারখানা মালিকপক্ষ

গাজীপুরের টঙ্গীতে দুটি পোশাক কারখানার শ্রমিকদের ন্যায্য দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে কারখানা মালিকপক্ষ তাদের দাবির প্রতি সম্মান প্রদর্শন করে। আগে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিগুলো অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছিল, তবে শ্রমিকদের টানা আন্দোলন ও বিক্ষোভের পর, কারখানা মালিকপক্ষ তাদের দাবিগুলো মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, কারখানা দুটির শ্রমিকেরা তাঁদের অর্জিত বার্ষিক ছুটির টাকা, ২৫ মার্চ ঈদ বোনাস, যেসব শ্রমিক এক বছর ধরে চাকরি করছেন, তাঁদের চলতি মার্চ মাসের অগ্রিম অর্ধেক বেতন এবং যেসব শ্রমিকের চাকরির মেয়াদ এক বছরের কম, তাঁদের বেতন চলতি মাসের ২৯ তারিখের মধ্যে পরিশোধের দাবি জানান। এ নিয়ে কয়েক দিন ধরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিগুলো অযৌক্তিক আখ্যা দিয়ে শ্রমিক প্রতিনিধির সঙ্গে দফায় দফায় আলোচনা করেন।

এরপর শ্রমিকেরা তাঁদের দাবি আদায় করতে গত শুক্রবার ও গতকাল কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। গতকাল শনিবার বিক্ষোভ চলাকালে কারখানাটিতে মেশিনে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান। এদিকে আজ সকালে কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখে ফের বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা।

পরে দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দল, গাজীপুর শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে আজ কারখানা দুটির শ্রমিকেরা কাজে যোগ দেননি। জানতে চাইলে কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ইমরুল কায়েস সুজন বলেন, শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে। তাঁদের অধিকাংশ দাবি অযৌক্তিক। শ্রমিকেরা কারখানার ভেতরে ভাঙচুর চালিয়েছেন।

ভাঙচুর ও কর্মকর্তা–কর্মচারীদের জানমাল রক্ষায় অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে নোটিশ ঝোলানো হয়েছিল। সেনাবাহিনী, পুলিশ ও শ্রমিকদের প্রতিনিধির সঙ্গে কথা বলে দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকেরা ফের অযৌক্তিক দাবি না জানালে আগামীকাল সোমবার থেকে কারখানা চালু থাকবে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, শ্রমিক প্রতিনিধি, সেনাবাহিনী, কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশের সমন্বয়ে আলোচনা শেষে শ্রমিকদের দাবিগুলো মেনে নিয়েছে কারখানার মালিক। আগামীকাল থেকে কারখানা চালু থাকবে। শ্রমিকেরা কাজে যোগ দেবেন।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।