প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

গাজীপুরে মাইক্রোবাসের ধাক্কায় সাবিনা আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন

এ ঘটনায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

ফটোকার্ড: গাজীপুরে মাইক্রোবাসের ধাক্কায় সাবিনা আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন

গাজীপুরে মাইক্রোবাসের ধাক্কায় সাবিনা আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য এবং বাকি সবাই শ্রমিক। সোমবার (১৭ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাবিনা আক্তার ময়মনসিংহ জেলার ফুলপুর থানার খালসাইদ ফুনা গ্রামের বাসিন্দা রাব্বির স্ত্রী এবং ‘গোল্ডেন রিপিট’ কারখানার শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, ইফতারের পর সাবিনা বাসা থেকে ইফতার শেষে কারখানার উদ্দেশ্যে রওনা দেন। মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

নারী শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী শ্রমিক ও স্থানীয়রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় উত্তেজিত শ্রমিকরা কারখানায় ভাঙচুরের চেষ্টা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাধে, এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের সময় মহাসড়কে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে যোগ দেয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম দাবি করেন, শ্রমিক নিয়ন্ত্রণের সময় বহিরাগতরা সুযোগ নিয়ে কারখানায় ভাঙচুরের চেষ্টা চালায়। পুলিশ বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে, এতে তিন পুলিশ সদস্য আহত হন। পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়। তবে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।