প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

বকেয়া মজুরি চাওয়ায় চোর অপবাদ দিয়ে রাজমিস্ত্রিকে নির্যাতন

বকেয়া মজুরি চাওয়ায় চোর অপবাদ দিয়ে রাজমিস্ত্রিকে নির্যাতন

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে বকেয়া মজুরি চাওয়ায় এক রাজমিস্ত্রিকে চোর অপবাদ দিয়ে নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে নির্যাতনের একটি ভিডিও ফেসবুতে ভাইরাল হলে ঘটনাটি নজরে আসে। নির্যাতনের শিকার মো. মামুন (৩০), শাহবাজপুর ইউনিয়নের গণেশপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি। গত বুধবার রাতে শাহবাজপুর পূর্ব পাড়া এলাকার হাসমত তালুকদারের বাড়িতে কাজের বকেয়া মজুরি চাইতে গেলে তাঁকে চোর অপবাদ দিয়ে মারধর করা হয়।

গুরুতর আহত মামুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মো. ইলিয়াস (২৫) ও মো. মিজানুর রহমান নামে দুজনকে আটক করেছে। ফেসবুতে ভাইরাল হওয়া ২ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, একটি ঘরে খালি গায়ে মামুনকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। তিনি আঘাত ফেরানোর চেষ্টা করছিলেন, কিন্তু একের পর এক লাঠির আঘাত তাঁর হাত, পা ও শরীরে পড়ছিল। পরে তাঁকে মেঝেতে ফেলে পাঁচজন মিলে পেটানো হয়। আশপাশে কয়েকজন দাঁড়িয়ে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন হাসমত তালুকদারের বাড়িতে নির্মাণকাজ করতেন। বুধবার সন্ধ্যায় কাজের বকেয়া মজুরি চাইতে গেলে হাসমত ও তাঁর স্বজনরা তাঁকে চোর অপবাদ দিয়ে মারধর শুরু করেন। পরে তাঁকে ঘরের মধ্যে আটকে রেখে নির্মমভাবে পেটানো হয়। নির্যাতনের শিকার মামুনের মা মাজেদা বেগম বলেন, ‘আমরা খুব গরিব মানুষ। পুলাডার মিস্ত্রির কাজকাম কইরা আমগরে চালায়। আর পুলাডা পাওনা টাকা চাইতে গিয়েছিল। আর আমার পুলাডারে চোরের অপবাদ দিয়ে মাইরে শেষ করছে। সারা গায়ে (শরীর) শুধু আঘাত আর আঘাত।

মাইরে মাইরে ঠ্যাং দুটো শেষ কইরা দিছে। পুলাডা এহন খাড়াতে (দাঁড়ানো) পাই না। মানুষ মানুষকে এইভাবে মারতে পারে? আমি বিচার চাই। যাতে আমাদের মতো গরিবরে আর এইভাবে কেউ মিছে অপবাদ না দিয়ে মারে।’ পুলিশ জানিয়েছে, ঘটনায় ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে। মামুনের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের খুঁজছে পুলিশ।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।