কথা রাখেনি সরকার; দাবি আদায়ে আজও ৫ কারখানা শ্রমিকদের শ্রম ভবনে অবস্থান

বকেয়া বেতনা ভাতার দাবিতে শ্রম ভবনের সামনে আজও অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পাঁচ পোশাক কারখানার শ্রমিকেরা। রবিবার শ্রমিক রামপ্রসাদের মৃত্যুর পর চাপের মুখে আজ সোমবার সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। সেদিন রাত পৌনে ১০টায় প্রশাসনের আশ্বাসে অবরোধ ছেড়ে দেওয়ার সাত ঘণ্টা পর মুক্ত হন কর্মকর্তারা। কিন্তু আজ মিটিং হয়নি বলে জানা গেছে। সোমবার সকাল থেকেই বিজয়নগর শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন শ্রমিকেরা।
বিকাল পৌনে ৪টায় এক ঘণ্টার মধ্যে দাবি না মানলে সড়ক অবরোধের ঘোষণা দেন। দাবি না মানায় এর কিছুক্ষণ পরেই সড়কে অবস্থান নেন। পরবর্তীতে জনভোগান্তির কথা বিবেচনা করে রাস্তা থেকে সরে আগের মতো শ্রম ভবনের সামনে অবস্থান নেন তাঁরা। এসময় শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে একাত্মতা পোষণ করে তাদের সাথে অবস্থান নিতে দেখা যায় কয়েকটি বাম ছাত্র সংগঠনকে।
জানা যায় আন্দোলনকারীরা টিএনজেড অ্যাপারেলস, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিক-কর্মচারী। বকেয়া বেতন, ঈদ বোনাস, মাতৃত্বকালীন ছুটির টাকা, সার্ভিস বেনিফিট এবং নিহত রামপ্রসাদ সিংয়ের ক্ষতিপূরণের দাবিতে সকাল থেকেই শ্রম ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। শ্রমিকরা জানান, তারা সড়কে বিক্ষোভ করতে চাইলেও রমজান মাসের কথা বিবেচনা করে শ্রম ভবনের সামনে অবস্থান নেন।
এর আগে গতকাল শ্রম ভবনের সামনে বকেয়া ১৪ মাসের বেতন বোনাসের দাবিতে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে রামপ্রসাদ সিং (৪০) নামে এক গার্মেন্টসের এক্সিকিউটিভের মৃত্যুবরণ করেছিলেন। রাত পৌনে ১০টায় প্রশাসনের আশ্বাসে অবরোধ ছেড়ে দেন তারা। সাত ঘণ্টা পর মুক্ত হন কর্মকর্তারা। এ নিয়ে সোমবার বেলা ১১টায় সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি বলে জানা গেছে।
টিন এজ অ্যারেলের শ্রমিক-কর্মচারী ও শ্রমিক নেতা জহিরুল ইসলাম জহির বলেন, ‘গত ১৮ মার্চ আমাদের সব বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের কথা ছিল। কিন্তু এর আগেই মালিকপক্ষ গা ঢাকা দিয়েছেন। তাই ন্যায্য পাওনা আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো।’ স্টাইল ক্রাফটের শ্রমিক রেহানা বেগম বলেন, ‘গতকাল আমাদের আশ্বাস দিলেও আমাদের সহকর্মী রামপ্রসাদের মৃত্যুতে পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমাদের বাধ্য হয়ে বিক্ষোভ করতে হচ্ছে।’
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





