প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

বিমান হামলায় নিহত দুই ফিলিস্তিনি সাংবাদিক, মোট সংখ্যা বেড়ে ২০৮

বিমান হামলায় নিহত দুই ফিলিস্তিনি সাংবাদিক, মোট সংখ্যা বেড়ে ২০৮

গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি বিমান হামলায় আরও দুই ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ নিয়ে নিহত গণমাধ্যমকর্মীর সংখ্যা ২০৮ জনে পৌঁছেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (CPJ) এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। নিহত দুই সাংবাদিক হলেন: ১।

হোসাম শাবাত – কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মুবাসেরের প্রতিবেদক ছিলেন। গাজার উত্তরাঞ্চল বেইত লাহিয়ায় তার গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়, যেখানে তিনি নিহত হন। ২। মোহাম্মদ মনসুর – বৈরুতভিত্তিক ফিলিস্তিন টুডে টিভির সাংবাদিক ছিলেন, যা ইসলামিক জিহাদপন্থী সংবাদমাধ্যম হিসেবে পরিচিত। তিনি গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসে তার নিজ বাড়িতে ইসরায়েলি হামলায় নিহত হন।

ফিলিস্তিন টুডে টিভির এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলায় মনসুরের স্ত্রী ও শিশুসন্তানও নিহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সকে এই হামলার জন্য সম্পূর্ণ দায়ী বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়,"এটি একটি নির্মম অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে চলমান গণহত্যা বন্ধ করা যায় এবং সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।"

এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে CPJ-এর প্রোগ্রাম ডিরেক্টর কার্লোস মার্টিনেজ দে লা সের্না বলেন,"আমরা আর কতদিন গাজায় নিহত সাংবাদিকদের জন্য শোক প্রকাশ করতে থাকব? এই দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নিতে হবে, যাতে সাংবাদিকরা নিরাপদ থাকেন এবং ইসরায়েলকে এই হত্যাকাণ্ডের জন্য জবাবদিহিতার আওতায় আনা হয়। সাংবাদিকরা বেসামরিক নাগরিক, যুদ্ধক্ষেত্রে তাদের লক্ষ্যবস্তু করা সম্পূর্ণ অবৈধ।"

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।