গাজায় ত্রাণকেন্দ্র ও কনভয়ের আশেপাশে অন্তত ৭৯৮ জন নিহত

গাজায় চলমান সংঘাতের মধ্যে মানবিক সহায়তা কেন্দ্র ও কনভয়ের আশেপাশে অন্তত ৭৯৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আজ শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, গত ছয় সপ্তাহে এই হতাহতের ঘটনা ঘটেছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF) পরিচালিত পয়েন্টগুলোতেও হামলার ঘটনা রয়েছে। এছাড়া জাতিসংঘসহ অন্যান্য ত্রাণ সংস্থার কনভয়ের কাছেও প্রাণহানির ঘটনা ঘটেছে।
জাতিসংঘ বলছে, সংঘাতময় এই অঞ্চলে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা উপেক্ষা করে হামলার মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। বিশেষ করে যেখানে মানুষ সাহায্য নিতে আসছে, সেইসব জায়গাগুলোতে এমন সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ইসরায়েলের চলমান গণহত্যায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৭,৭৬২ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৩৭,৬৫৬ জন আহত হয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও শিশু রয়েছেন।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০-রও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।




