শ্রম উপদেষ্টার মিথ্যা বক্তব্য প্রত্যাখ্যান; তিন মাসের বেতন-বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের 'ভুখা মিছিল'

শ্রম উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীতে বাসন হাতে ‘ভূখা মিছিল’ করেছে গার্মেন্টস শ্রমিকরা। শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৪টায় শ্রম ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন, নাইটিঙ্গেল মোড় হয়ে পুনরায় শ্রম ভবনের সামনে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শ্রমিকরা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন— “কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না”, “দুনিয়ার মজদুর, এক হও এক হও”, “দিয়ে দে বেতনভাতা, নইলে খাবো তোদের ভাতা”, “তিন মাসের বেতন পাই না, সরকার খবর নেয় না”, “জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো”, “মালিকদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও”, “লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই”, “বেতনভাতার সংগ্রাম, চলছে চলবে”, “ন্যায্য দাবির সংগ্রাম, চলছে চলবে”।
এর আগে, শুক্রবার বেলা সাড়ে ১১টায় শ্রম ভবনের সামনে এক সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শ্রমিকরা। সেখানে তারা শ্রমিকদের পাওনা মজুরি ও বোনাস নিয়ে শ্রম উপদেষ্টার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়, “শ্রম উপদেষ্টা চরম মিথ্যাচার করেছেন। শ্রমিক সমাজ তা মেনে নেয়নি। তাই আমরা আবারও রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।” সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা তিনটি কারখানার শ্রমিকদের বকেয়ার পরিমাণও তুলে ধরেন।
তথ্য অনুযায়ী, মোট ৬ কোটি ৭৫ লাখ টাকার পাওনার বিপরীতে বৃহস্পতিবার (২৭ মার্চ) মাত্র ১ কোটি ৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। শ্রমিকরা জানান, তাদের দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে এবং আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





