প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

ঈদের আগে গার্মেন্টস ও চা শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস ও রেশন পরিশোধের দাবিতে দেশজুড়ে আন্দোলন চলছে

শ্রমিকদের পাশে দাঁড়িয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থী জোট সরকারের মিথ্যাচার ও টালবাহানার নিন্দা জানিয়েছে।

ফটোকার্ড: ঈদের আগে গার্মেন্টস ও চা শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস ও রেশন পরিশোধের দাবিতে দেশজুড়ে আন্দোলন চলছে

ঈদের আগে গার্মেন্টস ও চা শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস ও রেশন পরিশোধের দাবিতে দেশজুড়ে আন্দোলন চলছে। শ্রমিকদের পাশে দাঁড়িয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থী জোট সরকারের মিথ্যাচার ও টালবাহানার নিন্দা জানিয়েছে। গত কয়েকদিন ধরে টি এন জেড অ্যাপারেলস, অ্যাপারেলস প্লাস ইকো, স্টাইল ক্রাফটসসহ একাধিক গার্মেন্টস কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

অবস্থান কর্মসূচি চলাকালে স্টাইল ক্রাফটসের শ্রমিক রামপ্রসাদ সিং জনি মৃত্যুবরণ করেন। এছাড়া, শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানানো ছাত্রদের ওপর রাষ্ট্রীয় বাহিনী হামলা চালিয়েছে । অবস্থান চললেও গার্মেন্টস শ্রমিকরা এখনো তাদের পাওনা পায়নি। শ্রম উপদেষ্টা দাবি করেছেন, শ্রমিকদের মজুরি পরিশোধ করা হয়েছে, তবে বাস্তবে তা মাত্র এক মাসের আংশিক বেতন, বাকি বেতন এখনো বকেয়া।

শুধু গার্মেন্টস শ্রমিকরাই নয়, সিলেটের বুরজান চা কোম্পানির অধীন তিনটি চা বাগানের (বুরজান, ছড়াগাঙ, কালাগুল) শ্রমিকরাও ১৪ সপ্তাহের বকেয়া বেতন ও রেশনের দাবিতে বিক্ষোভ করেছেন। প্রায় আড়াই হাজার শ্রমিক তাদের প্রাপ্য রেশন ও বেতন না পেয়ে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন। শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের পরিবর্তে সরকার ব্যবসায়ী শ্রেণির স্বার্থ রক্ষা করছে বলে অভিযোগ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষার্থী জোট।

তারা দাবি করেছে, হাসিনা সরকার বিতাড়িত হলেও অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের প্রতি একই বৈষম্যমূলক আচরণ করছে। শিক্ষার্থী জোটের পক্ষ থেকে বলা হয়েছে, "যদি শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস ও রেশন পরিশোধ না করা হয় এবং শ্রমিক ও ছাত্রদের ওপর রাষ্ট্রীয় বাহিনীর হামলার বিচার না করা হয়, তবে ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।"

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।