রাজধানীর খিলগাঁওয়ে মাত্র ১৮ হাজার টাকা ঋণের চাপে বিষপান করে আত্মহত্যা করেছেন এক রাজমিস্ত্রী

রাজধানীর খিলগাঁওয়ে মাত্র ১৮ হাজার টাকা ঋণের চাপে বিষপান করে আত্মহত্যা করেছেন এক রাজমিস্ত্রী। মৃতের নাম আল-আমিন খান (২৪)। তার পাঁচ মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ বিশ্বাস জানান, গত বুধবার দিবাগত রাত (৩ এপ্রিল) দেড়টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর সামনে থেকে আল-আমিনের মৃতদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আল-আমিন স্থানীয় এক ফার্মেসি দোকানদারের কাছ থেকে সুদে ১৮ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। এর মধ্যে ১০ হাজার নিজের প্রয়োজনে ও বাকি ৮ হাজার টাকা অন্য একজনের জন্য নিয়েছিলেন। পাওনাদারের চাপ সহ্য করতে না পেরে গত ২১ মার্চ দিবাগত রাতে তিনি বিষজাতীয় পদার্থ পান করেন। পরে অসুস্থ অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে তাকে মালিবাগের একটি হাসপাতালে ও সর্বশেষ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের বাবা রইজ খান বলেন, "আমার ছেলে আল-আমিন স্থানীয় এক ফার্মেসি দোকানদারের কাছ থেকে সুদে ১৮ হাজার টাকা নিয়েছিল। শর্ত ছিল, প্রতিদিন ৬০০ টাকা করে সুদ দিতে হবে। এরই মধ্যে যে ব্যক্তি ৮ হাজার টাকা নিয়েছিল, সে পালিয়ে যায়। ফলে পুরো টাকার জন্য পাওনাদার আল-আমিনের ওপর চাপ সৃষ্টি করে। এ চাপ সহ্য করতে না পেরে সে বিষপান করে।
পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।" তিনি আরও বলেন, "ছেলে অসুস্থ থাকার সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য দেড় লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে। এই বিপুল অর্থ জোগাড় করতে আমাকে আত্মীয়-স্বজনের কাছ থেকে ধারদেনা করতে হয়েছে।" আল-আমিন দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। তার স্ত্রী স্মৃতি আক্তার ও পাঁচ মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে। বিকেলে ময়নাতদন্ত শেষে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং স্বজনরা তা গ্রামের বাড়িতে নিয়ে যান।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।




