নোটিশ ছাড়াই ছাঁটাইয়ের প্রতিবাদে মালিক-শ্রমিক উত্তেজনা; দুই কারখানায় হামলা-ভাঙচুর, আহত ১০

চট্টগ্রামের এক্সপোর্ট প্রসেসিং জোনে (সিইপিজেড) ৪০ জন শ্রমিককে কোনো প্রকার নোটিশ ছাড়াই ছাঁটাই করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দুইটি পোশাক ও জুতা কারখানা। রবিবার (৬ এপ্রিল) সকালে এক্সেল শিওর সুজ ও জে ডব্লিউ অ্যাপারেলস কারখানায় শ্রমিকদের বিক্ষোভ চলাকালে ঘটে হামলা ও ভাঙচুরের ঘটনা। এ সময় অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি আছেন। ঘটনার সূত্রপাত শনিবার (৫ এপ্রিল)। ছাঁটাই হওয়া শ্রমিকদের অভিযোগ, কোনো কারণ বা আগাম নোটিশ ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়।
বিষয়টি নিয়ে তারা ফ্রিপোর্ট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশের মধ্যস্থতায় আন্দোলন সাময়িকভাবে থেমে গেলেও রবিবার সকালে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। রবিবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে গিয়ে দেখতে পান গেট বন্ধ। ক্ষুব্ধ শ্রমিকরা গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।
এতে বাবুল (৩২), আব্দুল হাকিম (৬০), বিপ্লব (২৫), সাইমুল ইসলাম (২৩), কামরুল হাসান (৪০), শাকিল (৩৫) ও মামুনুর রশিদ (৩২) সহ অন্তত ১০ জন আহত হন। এদিকে, দুপুরের দিকে জে ডব্লিউ অ্যাপারেলস কারখানাতেও ছাঁটাইকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কথাকাটাকাটির একপর্যায়ে কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানেও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাদের দাবি, এই ধরনের অন্যায্য ও একতরফা সিদ্ধান্ত বন্ধ করতে হবে এবং যারা ছাঁটাই হয়েছেন, তাদের পুনর্বহাল করতে হবে।
চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, “শ্রমিক ছাঁটাইয়ের জেরে দুটি কারখানায় উত্তেজনা ছড়ায়। পুলিশ, শিল্প পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





