প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

বকেয়া বেতন-ভাতার দাবিতে টিএনজেড কারখানার শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত

বকেয়া বেতন-ভাতার দাবিতে টিএনজেড কারখানার শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত

টিএনজেড গ্রুপের তিনটি কারখানার শতাধিক শ্রমিক-কর্মচারী বকেয়া বেতন, ঈদ বোনাস ও অন্যান্য পাওনা আদায়ের দাবিতে আজ সোমবার (০৭ এপ্রিল) বিকালে গাজীপুরের বাসন এলাকার বালুর মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মার্চ থেকে চলা আন্দোলনের ধারাবাহিকতায় এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে শ্রমিকরা মালিকপক্ষের টালবাহানা ও সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সমাবেশ থেকে শ্রম নেতারা তাদের বকেয়া বেতন, ঈদ বোনাসহযাবতীয় সব বকেয়ার দাবি জানান।

শ্রম উপদেষ্টার কথা দিয়ে কথা না রাখা ও টালবাহানার কারনে তার পদত্যাগ দাবি করেন বক্তারা। ফিলিস্তিনের মানুষের সংগ্রামের প্রতি সংহতি জানান শ্রমিক নেতারা, পাশাপাশি ইজরায়েলের বিরুদ্ধে, গণহত্যায় মদদদাতা আমেরিকার বিরুদ্ধেও প্রতিবাদ জানান। সমাবেশ শেষে নেতারা জানান, আগামীকাল সকালে শ্রম ভবনে নির্ধারিত মিটিং এ তাদের দাবি আদায়ে কর্তৃপক্ষ ও সরকারের সাথে বসবেন।

শ্রমিকদের দাবি, টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড ও অ্যাপারেলস আর্ট লিমিটেড—এই তিন কারখানায় প্রায় ১৮ কোটি টাকা বকেয়া রয়েছে। গত কয়েক সপ্তাহে আন্দোলনের চাপে মালিকপক্ষ মাত্র ৪.৩২ কোটি টাকা পরিশোধ করেছে, যা মোট বকেয়ার এক চতুর্থাংশও নয়। ২৯ মার্চ শ্রম মন্ত্রণালয়ের ত্রি-পক্ষীয় বৈঠকে ঈদের আগে ৩ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করে মালিকপক্ষ ২.৬৭ কোটি টাকা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

২৫ মার্চ শ্রম মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হন। এতে শ্রমিক আমিনুল ইসলামের কোমরের ব্যথা পান, যিনি এখনো চিকিৎসাধীন। এছাড়া, ছাত্রনেতা দিলীপ রায়কে গ্রেফতার করে পুলিশের আটকে রাখারও অভিযোগ রয়েছে।

শ্রমিকরা টিএনজেড গ্রুপের আর্থিক প্রতিবেদন উল্লেখ করে বলেন, প্রতিষ্ঠানটির বাৎসরিক ব্যবসার পরিমাণ ৩১০০ কোটি টাকা(২৫৫ মিলিয়ন মার্কিন ডলার), যার মধ্যে সহযোগী প্রতিষ্ঠান স্টাইলেক্স কর্পোরেশনের বার্ষিক বিক্রয় ২২৪৮ কোটি টাকা। তারা প্রশ্ন তোলেন, এত বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান কীভাবে শ্রমিকদের বেতন দিতে অক্ষম? ৭ এপ্রিলের সমাবেশে শ্রমিকরা ৮ এপ্রিলের ত্রি-পক্ষীয় বৈঠকের আগে সকল বকেয়া পরিশোধের আল্টিমেটাম দিয়েছেন।

তারা সতর্ক করে দিয়েছেন, যদি দাবি পূরণ না হয়, তবে আন্দোলন আরও তীব্র হবে। শ্রমিক নেতারা সরকারকে মালিকপক্ষের পক্ষাবলম্বন না করে ন্যায্য সমাধানের জন্য হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। আগামী বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করবে তাদের পরবর্তী কর্মসূচি।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।