প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী সমাবেশ। দুপুর ১টায় শুরু হওয়া এ আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সমাবেশে তিনি বলেন, “সন্তান হত্যার বিচার নিশ্চিতে তালবাহানা চললে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে স্বজনহারা মানুষ আবারও রাজপথে নামবে।”

গণঅভ্যুত্থান নিয়ে ব্যবসা এবং নির্দোষদের হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, “এটি শহীদদের রক্তের সাথে বেঈমানি। সরকারকে পান্থকুঞ্জ ও হাতিরঝিল রক্ষা আন্দোলনের দাবি মেনে নিতে হবে।” সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাকিবুল রনি। সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক তামজীদ হায়দার চঞ্চল বলেন, “জুলাইয়ে শুরু হওয়া আন্দোলন এখনও শেষ হয়নি।

স্বাধীনতাবিরোধী শক্তি ও ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারকারীদের সামনে সরকার আত্মসমর্পণ করেছে।” তিনি বলেন, “দেশি-বিদেশি স্বার্থান্বেষীদের চাপে সরকার গণআকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। আমরা সরকারকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে ফিরে আসতে বাধ্য করব।” সভাপতির বক্তব্যে রাগীব নাঈম বলেন, “সরকার পরিবর্তন হলেও ফ্যাসিবাদী কাঠামো এখনও অটুট। শহীদ পরিবারকে সহায়তা, আহতদের চিকিৎসা এবং বিচার না হওয়ার বিষয়গুলো শহীদদের রক্তের সাথে প্রতারণা।”

তিনি অভিযোগ করেন, “ছাত্র আন্দোলনে পুলিশি হামলা অব্যাহত থাকায় আন্দোলন ফের রাজপথে ফিরে যেতে বাধ্য হচ্ছে।” সমাবেশে বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ হরিজন ছাত্র পরিষদ ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেতারা।

সমাবেশে অংশগ্রহণ করেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, শামসুল আলম সজ্জন, বাকী বিল্লাহ এবং সাবেক সাধারণ সম্পাদক নূর আলম, রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না প্রমুখ। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর হয়ে জিমনেশিয়ামে গিয়ে শেষ হয়। ছাত্র ইউনিয়নের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে।

আগামী ২৬ এপ্রিল বিকাল ৪টায় হাকিম চত্বরে সংগঠনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।