ম্যানেজারের মারধরে পোশাক শ্রমিক অজ্ঞান, সহকর্মীদের বিক্ষোভ

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের ‘লিবার্টি ফ্যাশন ওয়্যার লিমিটেড’ কারখানার ফিনিশিং বিভাগের এক কর্মী (আয়রনম্যান) ও ফিনিশিং ম্যানেজার সানোয়ার হোসেনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ওই শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলেন। পরে কারখানা এলাকায় ছড়িয়ে পড়ে যে, শ্রমিকটি মারা গেছেন। সহকর্মীকে মারধরে মৃত্যুর খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি করে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ এবং নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী মোতায়েন করা হয়। আজ শনিবার সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হয়ে দেখতে পান, পুরো এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। এ ঘটনায় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলে এই অবরোধ। পরবর্তীতে সেনাবাহিনীর সক্রিয় হস্তক্ষেপ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সূত্র: সময়ের কণ্ঠস্বর
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





