ছাঁটাইয়ের পর মারধর- শ্রমিক বিক্ষোভের জেরে দুটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় শ্রমিক অসন্তোষের জেরে দুটি তৈরি পোশাক কারখানা, এম এম নিটওয়্যার লিমিটেড এবং মামুন নিটওয়্যার লিমিটেড, অনির্দিষ্টকালের…

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় শ্রমিক অসন্তোষের জেরে দুটি তৈরি পোশাক কারখানা—এম এম নিটওয়্যার লিমিটেড এবং মামুন নিটওয়্যার লিমিটেড—অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় কারখানাগুলোর প্রধান ফটকে এ–সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, সম্প্রতি কিছু শ্রমিক ছাঁটাই করা হয় এবং তাদের মধ্যে কয়েকজন মালিকপক্ষের লোকজনের দ্বারা মারধরের শিকার হন। এর প্রতিবাদে শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভে অংশ নেন।
তবে এই অভিযোগ অস্বীকার করে কারখানার প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, “মারধরের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক গুজব।” কারখানার সহকারী ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) আরিফুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গত ২৯ এপ্রিল সকাল ৮টায় কারখানা চালুর সময় গার্মেন্টস ডিভিশনের বিভিন্ন শাখার শ্রমিকেরা ইচ্ছাকৃতভাবে কাজে অমান্যতা দেখান এবং উচ্ছৃঙ্খল আচরণ করেন। একপর্যায়ে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে কারখানা ত্যাগ করেন।
এ প্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধনী ২০১৩ ও ২০১৮) এর ধারা ১৩(১) অনুযায়ী বুধবার সকাল ৮টা থেকে গার্মেন্টস ডিভিশনের সব সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে সেকশনগুলো পুনরায় খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়। ঘটনাস্থল পরিদর্শনকারী কোনাবাড়ী থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, “এম এম ও মামুন নিটওয়্যার কারখানা ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছে।
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।” এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, “আমরা বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করছি।”
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





