প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

দুই মাসের বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ

দুই মাসের বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক-ব্রিজঘাট সড়কে আজ রোববার সকাল ৬টা থেকে প্রায় তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন গোল্ডেন সন লিমিটেড কারখানার শ্রমিকেরা। বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, গত মার্চ ও এপ্রিলের বেতন শোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এর বাইরে কিছু শ্রমিক রয়েছেন, যাঁরা বেশ কয়েক মাস ধরে বেতন পাননি। ফলে বাসাভাড়াসহ বিভিন্ন ব্যয় নির্বাহ করতে বিপাকে পড়তে হচ্ছে তাঁদের। কারখানাটি কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের সৈন্যারটেক এলাকায় অবস্থিত।

এতে ইলেকট্রনিক ফ্যান, খেলনা, পারফিউমসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরবেলা থেকেই শত শত শ্রমিক কারখানার সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ বিষয়ে কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এবং মানবসম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা মো. রুম্মান ইমামকে একাধিকবার ফোন করা হলেও তাঁরা সাড়া দেননি। ফলে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ বলেন, কারখানার মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা হয়েছে। খুব শিগগিরই বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করেন।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।