টিএনজেড শ্রমিকদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে পুলিশের হামলা, আহত ২০

৩য় বারের মতো প্রতিশ্রুত বকেয়া বেতন-ভাতা না দেওয়ায় আজ গাজীপুরে টিএনজেড গ্রুপের শ্রমিকদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ হামলা চালিয়েছে। হামলায় অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা ও স্থানীয়রা। সকাল থেকেই টিএনজেড গ্রুপের আটটি কারখানার হাজারো শ্রমিক কারখানার গেট থেকে মিছিল শুরু করে গাজীপুর চৌরাস্তার দিকে রওনা দেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে অগ্রসর হচ্ছিল। স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে শ্রমিকরা সড়কে অবস্থান নেন।
তবে কিছু সময় পর পুলিশ বাধা দেয় এবং মিছিল ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের আচরণ ছিল “অপ্রয়োজনীয় ও অতিরঞ্জিত।” আহতদের অনেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। উল্লেখ্য, টিএনজেড-এর ৮টি কারখানার ৫,২১৯ জন শ্রমিকের বকেয়া বেতন-ভাতা পরিশোধের নির্ধারিত তারিখ ছিল গতকাল। ৩য় বারের মতো নির্ধারিত এই প্রতিশ্রুতি ভঙ্গ করলো শ্রম মন্ত্রণালয়।শ্রমিকদের মোট পাওনা ৫৪,১২,৬৭,০০০ টাকা।
অধিকাংশ শ্রমিকের ১-৩ মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রয়েছে, আবার কিছু শ্রমিকের এক বছর আগের বেতন-ভাতাও এখনো পরিশোধ হয়নি। গত ২৩ মার্চ থেকে শ্রমিকদের লাগাতার আন্দোলনের পর আংশিক বকেয়া পরিশোধের পর সর্বশেষ ২২ এপ্রিল শ্রম মন্ত্রণালয়, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে গতকাল ৭ মে বকেয়া পরিশোধের দিন ধার্য করা হয়েছিল। যার ফলশ্রুতিতে শ্রমিকরা আজ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছিল।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





