প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় অবস্থিত পোশাক কারখানা রোর ফ্যাশন লিমিটেড-এর শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অবরোধে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। শ্রমিকরা সকাল থেকে কারখানার কাঠালী পল্লীবিদ্যুৎ এলাকার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুর পৌনে ১২টার দিকে তারা মহাসড়ক অবরোধ করে রাখেন।

পরবর্তীতে স্থানীয় প্রশাসনের আশ্বাসে দুপুর পৌনে ২টার দিকে তারা অবরোধ তুলে নেন। শিল্প পুলিশ ময়মনসিংহ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. আল মামুন সিকদার বলেন, “রোর ফ্যাশন লিমিটেডে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।” এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগে গত ২৪ মার্চ রাজধানীর উত্তরা এলাকার বিজিএমইএ ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ করেছিলেন এই কারখানার শ্রমিকরা।

তারা ভবনের ফটকে তালা দিয়ে বিজিএমইএর কর্মকর্তাদের প্রবেশে বাধা দেন, ফলে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। জানা গেছে, অর্থনৈতিক সংকটে পড়ে চলতি বছরের ২৪ জানুয়ারি রোর ফ্যাশন লিমিটেড লে-অফ ঘোষণা করে। এরপর থেকে শ্রমিকদের বেতন ও লে-অফ ক্ষতিপূরণ পরিশোধ নিয়ে চলছে টানাপড়েন। শ্রমিকদের দাবি, নভেম্বর ও ডিসেম্বর মাসে প্রায় ৭০ লাখ টাকা বকেয়া পরিশোধ করা হলেও জানুয়ারির বেতন ও ক্ষতিপূরণ এখনও বকেয়া রয়েছে। মোট ১,৩৭৬ জন শ্রমিক এই কারখানায় কর্মরত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।