শ্রম ভবনের সামনে বিক্ষোভরত আরেক পোশাক শ্রমিক অসুস্থ

দিনরাত অবস্থান কর্মসূচীতে প্রচন্ড গরমে আর ঘুমহীন পরিবেশে অসুস্থ হয়ে পড়ছে টিএনজেড গ্রুপের শ্রমিকরা৷ কিছুক্ষণ আগেই একজন বয়স্ক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। উল্লেখ্য, টিএনজেড গ্রুপের ৮টি কারখানার ৫,২১৯ জন শ্রমিকের মোট পাওনা ৫৪,১২,৬৭,০০০ টাকা। অনেক শ্রমিকের ১ থেকে ৩ মাসের বেতন এবং ঈদ বোনাস বকেয়া রয়েছে। এমনকি কিছু শ্রমিকের এক বছর আগের পাওনাও এখনো মিটিয়ে দেওয়া হয়নি। গত ২৩ মার্চ থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা।
এর ফলে আংশিক বকেয়া পরিশোধ হলেও, সর্বশেষ ২২ এপ্রিল শ্রম মন্ত্রণালয়, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের ত্রিপক্ষীয় বৈঠকে ৭ মে তারিখে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু নির্ধারিত তারিখেও কোনো অর্থ পরিশোধ করা হয়নি। এই প্রতারণার প্রতিবাদে ৮ মে গাজীপুরে অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। তবে সেখানে যৌথবাহিনীর হামলায় অন্তত ২০ জন শ্রমিক আহত হন।
এরপর ১০ মে শ্রম ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেন এবং ১১ মে গাজীপুরে হাজারো শ্রমিকের গণমিছিল অনুষ্ঠিত হয়। ১২ মে শ্রম ভবনের সামনে থেকে শুরু হওয়া বিশাল মিছিল সেখানেই ফিরে এসে রূপ নেয় বিক্ষোভ সমাবেশে। সেই থেকে শুরু হয়েছে শ্রম ভবনের সামনে শ্রমিকদের অবস্থান কর্মসূচি। দিনরাত মানবেতর অবস্থায় রাস্তায় পড়ে থেকেও তারা আশায় বুক বাঁধছেন—একদিন অন্তত তাদের প্রাপ্য অর্থ তারা ফিরিয়ে পাবেন। গতকাল ১৩ মে তাঁরা তাদের অবস্থান কর্মসূচী চালিয়ে যান।
গতকাল অবস্থান কর্মসূচীতে এক নারী শ্রমিক অসুস্থ হওয়ার পর আজ ১৪মে আরেকজন শ্রমিক অসুস্থ হলেন। প্রচণ্ড গরম আর মানবেতর অবস্থায় অবস্থান কর্মসূচী চালাতে গিয়ে শ্রমিকরা অসুস্থ হলেও সরকার থেকে কোনো সাড়া আসছেনা।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





