প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

বগুড়ায় জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে বৈছাআ নেতার সম্পৃক্ততা

বগুড়ায় জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে বৈছাআ নেতার সম্পৃক্ততা

বগুড়ায় জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে হামলার ঘটনায় ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’-এর ব্যানারে আসা একদল তরুণের সম্পৃক্ততা ইতিমধ্যে সংবাদমাধ্যমে এসেছে। তবে ঘটনাটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক এখনো আড়ালে থেকে গেছে—হামলায় উপস্থিতদের মধ্যে অন্তত একজন ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)-এর বগুড়া জেলা কমিটির গুরুত্বপূর্ণ নেতা নূর মোহাম্মদ যোবায়ের।

৪০০ কোটি টাকা দুর্নীতি, তদবির বাণিজ্য সহ অনেকগুলো অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর এর সাথেও তার ছবি দেখা যায়। অবশ্য, গত ২১ এপ্রিল দলের যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক বহিষ্কার করে এনসিপি। ৩০ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ছয় মাসের জন্য সেসময়কার বৈছাআ-এর কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বগুড়া জেলার ৩৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এ কমিটিতে নূর মোহাম্মদ যোবায়েরকে ২৬ জন যুগ্ম আহ্বায়কদের একজন হিসেবে মনোনীত করা হয়। আজ ঘটনার দিন, বগুড়ার সাতমাথায় মুক্তমঞ্চে জাতীয় সংগীত পরিবেশনের আয়োজন করে কয়েকটি সাংস্কৃতিক সংগঠন। উদীচী শিল্পীগোষ্ঠী এতে অন্যতম উদ্যোক্তা ছিল। বিকেল ৫টার দিকে ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’ ব্যানারে আসা একদল লোক সেখানে উপস্থিত হয়ে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং অনুষ্ঠান বানচাল করে। পরে শহীদ মিনারে নতুন করে জাতীয় সংগীত পরিবেশনের চেষ্টা চললে, সেখানেও একই গোষ্ঠীর তরফ থেকে হামলা হয়।

পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আয়োজকরা। হামলায় উদীচীর সাংগঠনিক সম্পাদক চোখে গুরুতর আঘাত পান। এই হামলার ভিডিও করায় একজনের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় বৈছাআ-এর বগুড়া শাখার নেতার উপস্থিতি ও সম্পৃক্ততা এই হামলাকে আরও রাজনৈতিক ও সংগঠনিক রূপ দেয়।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।