প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

রংপুরে চার দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

রংপুরে চার দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বিড়ি শিল্পের উপর থেকে শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারসহ চার দফা দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বৃহত্তর রংপুর অঞ্চল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতারা।

তাদের দাবির মধ্যে রয়েছে—বিড়ি শিল্পের উপর থেকে শুল্ক ও বৈষম্যমূলক অগ্রিম আয়কর প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করা এবং জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে নকল বিড়ি ও সিগারেট প্রতিরোধ কমিটি গঠন। বক্তারা বলেন, বিড়ি একটি দেশীয় কুটির শিল্প এবং এটি শতভাগ শ্রমিকনির্ভর। বৃহত্তর রংপুর অঞ্চলের কয়েক লক্ষ শ্রমিক এই শিল্পে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন।

কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশি সিগারেট কোম্পানিগুলোকে নানা সুযোগ-সুবিধা দিয়ে বিড়ি শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এর ফলে বহু প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি মালিক তাদের কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছেন। তারা আরও বলেন, শুল্ক বাড়ানো হলে অসাধু ব্যবসায়ীরা নকল বিড়ি উৎপাদনে উৎসাহিত হয়, যা বাজারে ছড়িয়ে পড়ে এবং প্রকৃত করদাতা ক্ষতিগ্রস্ত হন। এতে সরকারও রাজস্ব হারায়। তাই দেশের অর্থনীতিকে রক্ষা করতে হলে নকল বিড়ি উৎপাদন বন্ধ এবং প্রকৃত বিড়ি শিল্পকে টিকিয়ে রাখতে হবে।

মানববন্ধনে শ্রমিকদের হাতে হাতে “নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পনী বন্ধ করো করতে হবে, দেশিয় শিল্প রক্ষা করো, বিএটির পণ্য বর্জন করো, বহুজাতিক বেনিয়া হঁটাও বিড়ি শ্রমিক বাঁচাও, বিড়ি শিল্পের কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ফুসফুস পড়ায় এদেশে টাকা পাচার করে বিদেশে” সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি এবং সঞ্চালনা করেন বৃহত্তর রংপুর অঞ্চলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাবলু।

এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেন, সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর এবং সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম। শ্রমিক নেতারা হুঁশিয়ারি দেন, দাবিগুলো আগামী বাজেটে বিবেচনায় না নিলে আন্দোলনের পরিসর আরও বিস্তৃত হবে।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।