প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

বিক্ষোভরত দুই পোশাক শ্রমিক অসুস্থ

ফটোকার্ড: বিক্ষোভরত দুই পোশাক শ্রমিক অসুস্থ

শ্রম ভবনের সামনে টিএনজেড গ্রুপের শ্রমিকদের টানা অবস্থান কর্মসূচির পঞ্চম দিন শেষে গভীর রাতে আরও দুইজন শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে অসুস্থ দুই নারী শ্রমিককে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর আগে গত দুই দিনেও একাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। রোদে পুড়ে , বৃষ্টিতে ভিজে প্রচণ্ড গরম, অনিয়মিত খাবার এবং নিদ্রাহীন অবস্থান কর্মসূচীতে শ্রমিকদের মধ্যে অসুস্থতা বাড়ছে।

আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের অনেকের সঞ্চিত অর্থ শেষ হয়ে গেছে, ফলে খাদ্য সংকটও প্রকট আকার ধারণ করেছে। টিএনজেড গ্রুপের অধীন ৮টি কারখানার ৫,২১৯ জন শ্রমিক কয়েক মাস ধরে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলন করছেন। তাঁদের দাবি, প্রতিষ্ঠানটির কাছে মোট পাওনা ৫৪,১২,৬৭,০০০ টাকা। অনেক শ্রমিকের এক থেকে তিন মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রয়েছে, এমনকি কেউ কেউ এক বছর আগের পাওনাও এখনো পাননি। এই দাবিতে শ্রমিকরা গত ২৩ মার্চ থেকে আন্দোলন করে আসছেন।

বিভিন্ন সময় আংশিক পরিশোধ হলেও সম্পূর্ণ বকেয়া এখনো পরিশোধ হয়নি। সর্বশেষ গত ২২ এপ্রিল শ্রম মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় বৈঠকে ৭ মের মধ্যে সব বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তা বাস্তবায়ন হয়নি। ৭ মে পরিশোধ না হওয়ায় ৮ মে গাজীপুরে অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা, যেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। এরপর ১২ মে থেকে তাঁরা ঢাকার শ্রম ভবনের সামনে অবস্থান শুরু করেন।

দাবি আদায়ে দৃঢ় অবস্থান নিয়েছেন শ্রমিকরা। তবে লাগাতার অবস্থান কর্মসূচির ফলে শারীরিক দুর্বলতা ও রোগে আক্রান্ত হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। খাবার ও বিশ্রামের অভাবে অসুস্থতার হার বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মানবিক সংকট দিন দিন প্রকট হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো জরুরি সহায়তা বা হস্তক্ষেপের উদ্যোগ লক্ষ্য করা যায়নি।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।