ধান ঘরে তোলার উৎসব চলছে হবিগঞ্জে
সোনালি ধানে রঙিন স্বপ্ন বুনলেও তা ফিকে হয়ে আসছে ন্যায্য দাম না পাওয়ায়।

ধান ঘরে তোলার উৎসব চলছে হবিগঞ্জে। সোনালি ধানে রঙিন স্বপ্ন বুনলেও তা ফিকে হয়ে আসছে ন্যায্য দাম না পাওয়ায়। বাজারে প্রকারভেদে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১১০০ টাকায়। যা থেকে উৎপাদন খরচও উঠছে না। এছাড়া সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের এক মাস হতে চললেও সংগ্রহ হয়েছে মাত্র ১২ শতাংশ। আর দালাল ছাড়া গুদামেও ধান দিতে পারছেন না কৃষক। চাষিরা বলেন, মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাই আমরা। তবে ফসলের ন্যায্যমূল্য পাচ্ছি না। সরকারি গুদামে ধান বিক্রি করতে ধরতে হয় দালাল।
এতে ধান বিক্রি করে কোনো লাভই হচ্ছে না। তবে লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান নেয়া হচ্ছে বলে দাবি খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার। হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা চাই থোয়াই প্রু মারমা বলেন, যারা ধান দেয়ার জন্য অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন, তাদের মধ্য থেকে প্রকৃত কৃষকদের বাছাই করে লটারির মাধ্যমে ধান কেনা হচ্ছে। এখানে দালালির কোনো সুযোগ নেই। চলতি বছর জেলায় ৮ হাজার ২৫৭ মেট্রিক টন ধান ও ২৪ হাজার ১৭৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
(সূত্র: সময় নিউজ)
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





