প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

গাজীপুরের টিএনজেড গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন

রবিবার (১৮ মে) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে তারা পাঁচ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেন।

গাজীপুরের টিএনজেড গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন

গাজীপুরের টিএনজেড গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন। রবিবার (১৮ মে) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে তারা পাঁচ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেন। দাবি না মানা হলে শ্রমিকরা দেশজুড়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শহীদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং অন্যান্য শ্রমিক সংগঠনের নেতারা।

শ্রমিক নেতা শহীদুল বলেন, “আমরা বারবার দাবি জানিয়েছি, সরকার ও প্রশাসনের কাছে গিয়েছি। কিন্তু তারা আমাদের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে। আমরা দাবিপূরণ না হওয়া পর্যন্ত ফিরে যাব না।” সমাবেশ শেষে কয়েক হাজার শ্রমিক বিজয়নগর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কাকরাইল ও পল্টন ঘুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। আন্দোলনের পটভূমি: এর আগেও বিভিন্ন সময় আন্দোলনে নেমেছেন শ্রমিকরা।

গত ১০ মে শ্রম ভবনের সামনেই সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছিলেন, মালিকপক্ষ প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ৭ মের মধ্যে বকেয়া পরিশোধের কথা থাকলেও তা হয়নি। এর পর ১১ ও ১২ মে টানা দুই দিন গাজীপুর ও ঢাকায় সমাবেশ করেও কোনও অগ্রগতি হয়নি বলে অভিযোগ। শ্রমিকদের দাবি, তারা গত দুই মাস ধরে ঈদ বোনাস, সার্ভিস বেনিফিটস ও বকেয়া বেতনের জন্য আন্দোলন করছেন। রমজানে টানা সাত দিন শ্রম ভবনে অবস্থান কর্মসূচিও পালন করা হয়।

এরপর সরকারের মধ্যস্থতায় ২৯ মার্চ বৈঠকে মালিকপক্ষ প্রায় ১৭ কোটি টাকার দাবির বিপরীতে ৩ কোটি টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দেয় ২ কোটি ৬৭ লাখ টাকা। তাও পেতে হয় নানা জটিলতার মধ্য দিয়ে। বৈঠকে শ্রম সচিব মে দিবসের আগেই সব বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। পরে ৮ এপ্রিল এবং ২২ এপ্রিল ত্রিপক্ষীয় বৈঠকে চুক্তিবদ্ধ হলেও ৭ মের মধ্যে সম্পূর্ণ পাওনা না মেটানোয় শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

শ্রমিকরা বলছেন, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পাওনা পরিশোধ হয়নি এবং কোনও পক্ষ থেকে নতুন সময়সীমা বা অগ্রগতি জানানো হয়নি।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।