বকেয়া বেতন-ভাতার দাবিতে অনড় টিএনজেড শ্রমিকরা

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে আজও বিক্ষোভ করছেন পোশাক কারখানা টিএনজেড গ্রুপের কয়েক শত শ্রমিক। বকেয়া বেতন, ঈদ বোনাস ও সার্ভিস বেনিফিটের দাবিতে সোমবার (১৯ মে) সকাল ৯টা থেকে অবস্থান শুরু করেন তারা। শ্রম ভবনের সামনে ব্যানার টানিয়ে বিক্ষোভ শুরু করায় ভবনে প্রবেশ করতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা। শ্রমিকরা জানায়, প্রতিশ্রুতি বাস্তবায়নের আগ পর্যন্ত কোনও কর্মকর্তাকে ভবনে প্রবেশ করতে দেওয়া হবে না।
সুনির্দিষ্ট তারিখ ও ঘোষণা ছাড়া তারা কোনও আশ্বাস মানবেন না। আন্দোলনরত শ্রমিক নেতা শহীদুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আজ সকাল ৯টার পর থেকে ভবনের প্রধান গেটে ভিড় করেন আন্দোলনরত শ্রমিকরা। প্রবেশের চেষ্টা করা কয়েকজন কর্মকর্তাকে বাধা দেওয়া হয়। অনেকেই গেটের সামনে অপেক্ষা করে ফিরে যান। বেলা ১১টা পর্যন্ত কেউ ভবনে প্রবেশ করতে পারেননি। টিএনজেড-এর ৮টি কারখানায় প্রায় ৫,২১৯ জন শ্রমিক রয়েছেন।
তাদের মধ্যে অনেকেই ১ থেকে ৩ মাস পর্যন্ত বেতন পাননি। কেউ কেউ এক বছর ধরে পাওনা বেতন-ভাতা থেকে বঞ্চিত। সর্বশেষ হিসাবে শ্রমিকদের বকেয়া পরিমাণ ৫৪,১২,৬৭,০০০ টাকা। গত ২৩ মার্চ থেকে শ্রমিকদের কয়েক দফায় আন্দোলনের পর আংশিক বকেয়া পরিশোধের পর সর্বশেষ ২২ এপ্রিল শ্রম মন্ত্রণালয়, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে ৭ মে বকেয়া পরিশোধের দিন ধার্য করা হয়েছিল।
গত ১০ মে শ্রম ভবনের সামনেই সংবাদ সম্মেলন করে শ্রমিকরা অভিযোগ করেছিলেন, মালিকপক্ষ ৭ মের মধ্যে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা মানেনি। এরপর ১১ ও ১২ মে ঢাকাসহ বিভিন্ন স্থানে সমাবেশ করেও কোনও অগ্রগতি হয়নি। ফলে শ্রমিকরা লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





