প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

ধান কাটার মজুরি না পেয়ে থানায় অভিযোগ দিলেন শ্রমিক

ধান কাটার মজুরি না পেয়ে থানায় অভিযোগ দিলেন শ্রমিক

দিনভর ঘাম ঝরিয়ে ধান কেটে শ্রম দিলেও মজুরি না পেয়ে অবশেষে থানার দ্বারস্থ হয়েছেন পাঁচজন দিনমজুর। ঘটনাটি ঘটেছে শেরপুর উপজেলার মির্জাপুর সরকার পাড়া গ্রামে। অভিযোগের তীর স্থানীয় এক জমির মালিকের দিকে, যিনি ধান কাটার পর শ্রমিকদের টাকা না দিয়ে উল্টো হুমকি ও গালিগালাজ করেছেন বলে অভিযোগ।

অভিযোগকারী দিনমজুর আব্দুল হান্নান (৫৭) জানান, গতকাল সোমবার ভোরে শেরপুরের নবীর বালা ঘাটপাড় এলাকার 'শ্রমিকের হাট' থেকে তাঁকে ও আরও চারজন শ্রমিককে ধান কাটার জন্য নিয়ে যান রাজেক আলীর ছেলে আব্দুল কুদ্দুস আলী। প্রতিশ্রুতি ছিল জনপ্রতি ৭০০ টাকা করে মজুরি। তাঁরা দেড় বিঘা জমির ধান কেটে মালিকের বাড়িতে পৌঁছে দেন। কিন্তু কাজ শেষে মালিক ‘ভালো কাজ হয়নি’ দাবি করে কোনো টাকা না দিয়ে গালাগাল করেন এবং হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

আব্দুল হান্নান বলেন, “শ্রম বিক্রি না করলে আমাদের ঘরে চুলা জ্বলে না। এখন যদি এই টাকাটাও না পাই, কাল পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। যারা গরিবের পেটে লাথি মারে, তাদের বিচার হওয়া উচিত।” অভিযুক্ত জমির মালিকের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। স্থানীয় তদন্ত কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শ্রমিকরা বলছেন, ‘শ্রমিকের হাট’ থেকে প্রতিদিন জীবিকার সন্ধানে বের হওয়া মানুষগুলোর শ্রমের যথাযথ মূল্য নিশ্চিত না হলে ভবিষ্যতে কাজের আগ্রহ হারিয়ে যাবে অনেকেই। সূত্র: স্বদেশ প্রতিদিন

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।