নয় দফা দাবিতে কৃষি উন্নয়ন করপোরেশনে শ্রমিক বিক্ষোভ

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অনিয়মিত শ্রমিকরা নয় দফা দাবিতে রাজধানীর মতিঝিলে বিএডিসির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা অংশ নেন। প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, ২০১৭ সালের কৃষি নীতিমালার বাস্তবায়ন, ন্যায্য মজুরি, নির্ধারিত কর্মঘণ্টা ও মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা।
একজন শ্রমিক আলম হোসেন জানান, তারা ২৪ বছর ধরে বিএডিসিতে কাজ করলেও এখনও মৌসুমি শ্রমিক হিসেবে বঞ্চিত হচ্ছেন। সিলেটের রাজন আহম্মেদ বলেন, নীতিমালা থাকলেও শ্রমিকদের নিয়মিত করা হয়নি। আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. জুনায়েদ জানান, চেয়ারম্যান রুহুল আমিন খানের কাছে স্মারকলিপি দেওয়া হলেও তিনি কোনো প্রতিশ্রুতি দেননি। ফলে আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





