উপাচার্য-প্রক্টরের পদত্যাগসহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবিতে মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বামপন্থী ছাত্র সংগঠন ও ছাত্রদলের নেতাদের একটি প্ল্যাটফর্ম ‘সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ মশাল মিছিল করেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হাকিম চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি কলাভবন, হলপাড়া, রেজিস্ট্রার ভবন ঘুরে ভিসি চত্বরে এসে শেষ হয়।
মিছিলকারীরা ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘ভিসি প্রক্টরের অনেক গুণ নয় মাসে দুই খুন’, ‘আমার ভাই কবরে, প্রক্টর কেন চেয়ারে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি স্লোগান দেয়। সেখানে সূর্যসেন হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান মিশু বলেন, “আজ ১১ দিন হয়ে যাওয়ার পরেও খুনি অধরা। আরও তিনজনকে নাকি গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাদের সামনে আনা হয় নাই।
এছাড়াও সাম্য হত্যার পরে এই ব্যর্থ প্রশাসন বিভিন্ন লোক দেখানো পদক্ষেপ নিয়েছে কিন্তু বিচার নিয়ে এখন পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেনি।” গত ১৩ মে রাত সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তিনি মারা যান।পরদিন সকালে সাম্যের বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় মামলা করেন। ওই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। ওই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, হত্যার বিচারে পুলিশের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে এবং আসামিদের পুনরায় রিমান্ডে নিয়ে তদন্ত চালানো হচ্ছে। শিগগিরই বিচার নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে। সাম্য ২০১৮-১৯ শিক্ষাবর্ষে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ছিলেন এবং এ এফ রহমান হলে ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে। সূত্র: বিডিনিউজ২৪
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।




