প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

অভাবের দুঃসহ চাপ, দুই সন্তান রেখে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ফটোকার্ড: অভাবের দুঃসহ চাপ, দুই সন্তান রেখে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক ছেলে ও এক মেয়েকে রেখে একসঙ্গে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী। রোববার রাতে উপজেলার লালপুর ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় ঘটে যায় এই হৃদয়বিদারক ঘটনা। নিহতরা হলেন—কুড়েরপাড়ের নান্নু মিয়ার ছেলে আল আমিন (২৮) ও তার স্ত্রী জরিনা বেগম (২৩), যিনি একই ইউনিয়নের নোয়াপাড়ার ইদ্রিস মিয়ার মেয়ে। আল আমিন পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। স্বজনরা জানান, সংসারে দীর্ঘদিনের অভাব-অনটন, ঋণের চাপ ও দাম্পত্য কলহের জেরে মানসিক চাপে ভুগছিলেন এই দম্পতি।

জরিনার ভাই আনোয়ার হোসেন বলেন, “কিস্তিতে কেনা ইজিবাইকটি বিক্রি করে দেওয়ার পর থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। রবিবার রাতে প্রথমে আমার বোন কীটনাশক সেবন করে। এরপর যখন তার মৃত্যু নিশ্চিত হয়ে পড়ে, তখন ভগ্নিপতিও একই পথ বেছে নেয়।” প্রতিবেশীদের সহায়তায় রাত ১০টার দিকে তাদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে জরিনা মারা যান। রাত ১টার দিকে মারা যান আল আমিনও। লালপুর ইউপির স্থানীয় সদস্য মো. শাহজাহান মিয়া জানান, তারা লোকমুখে ঘটনাটি জেনেছেন।

তবে আত্মহত্যার মূল কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। প্রতিবেশী দেলোয়ার আহমেদ আকাশ জানান, আগে এই দম্পতির মধ্যে মনোমালিন্যের খবর পাওয়া যায়নি। ব্যক্তিগত ঋণের কারণে ইজিবাইক বিক্রি করেছিলেন আল আমিন, যা নিয়ে মা ও স্ত্রীর সঙ্গে তার টানাপোড়েন তৈরি হয়। তিনি বলেন, “জরিনা প্রথমে ট্যাবলেট খেলে আল আমিন সেটা কেড়ে নেন। কিন্তু স্ত্রীর অবস্থা দেখে তিনিও পরে সেই ওষুধ সেবন করেন।” আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, “মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ময়নাতদন্ত চলছে, এবং আইনগত প্রক্রিয়াও অনুসরণ করা হচ্ছে।” এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুই ছোট শিশুকে রেখে চলে যাওয়া এই দম্পতির করুণ পরিণতি নাড়া দিয়েছে পুরো গ্রামকে।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।