প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

ঈশ্বরদী ইপিজেডে দুপুরের খাবারের পর অসুস্থ চার কারখানার শ্রমিক, এক শ্রমিকের মৃত্যু

ঈশ্বরদী ইপিজেডে দুপুরের খাবারের পর অসুস্থ চার কারখানার শ্রমিক, এক শ্রমিকের মৃত্যু

ঈশ্বরদী ইপিজেডের (EPZ) চারটি পোশাক কারখানায় দুপুরের খাবার খেয়ে একযোগে চার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (৩০ মে) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ মে) বিকেল থেকে অসুস্থতা শুরু হয়। অসুস্থ শ্রমিকদের প্রথমে ঈশ্বরদী ইপিজেডের নিজস্ব হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে গুরুতর অবস্থায় অনেককে পাবনা ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

অসুস্থতা দেখা দিয়েছে নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি, আইএমবিডি কোম্পানি, ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিটেড ও রেনেসাঁ বারিন্দ লিমিটেড নামের চারটি প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে। প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার নিয়মিত খাবার সরবরাহ করা হয় শ্রমিকদের। কিন্তু দুপুরের খাবার খাওয়ার পরপরই অনেক শ্রমিক পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গে আক্রান্ত হন। অসুস্থ শ্রমিক মনোয়ারা খাতুন জানান, “খাবার খেয়ে কাজ শুরু করেছিলাম।

কিছুক্ষণ পর পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়, এরপর বারবার বমি ও পায়খানা হতে থাকে। একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে।” ঘটনার সত্যতা স্বীকার করে নাকানো ইন্টারন্যাশনালের এইচআর ম্যানেজার মেহেদী হাসান বলেন, “আমরা ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তের পরই জানা যাবে আসল কারণ।” ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রকিবুল হাসান জানান, “শুক্রবার বিকেল পর্যন্ত ৪৫ জন শ্রমিক হাসপাতালে ভর্তি ছিলেন।

বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাবনা ও রাজশাহীতে পাঠানো হয়েছে। এরমধ্যে একজন মারা গেছেন।” ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান জানান, “সাপ্লাই লাইনে লিকেজের কারণে পানি দূষিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফলে খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটতে পারে। আক্রান্তরা মূলত ডায়রিয়ায় ভুগছিলেন।” ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের খোঁজখবর নিয়েছেন ঈশ্বরদীর ভারপ্রাপ্ত ইউএনও শাহাদাত হোসেন খান ও থানার ওসি আ স ম আব্দুন নূর।

ইউএনও শাহাদাত হোসেন জানান, “বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।” সূত্র: সমকাল

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।