জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ১৬৮ শিশু, যা মোট নিহতের ১২ শতাংশ

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সহিংসতার শিকার হয়ে অন্তত ১৬৮ শিশু প্রাণ হারিয়েছে, যা মোট নিহতের ১২ শতাংশ। আহত ১৩ হাজার ৫২৯ জনের মধ্যে শিশুদের নির্দিষ্ট তথ্য নেই। জাতীয় প্রেস ক্লাবে একমাত্রা সোসাইটি ও লিডো পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গবেষণায় দেখা যায়, ৭২% শিশু সহিংসতার শিকার হয়েছে, ৪৮% সরাসরি আহত, ১৩% গুলিবিদ্ধ। ২৬% শিশু শারীরিকভাবে আক্রান্ত না হলেও, সহিংসতা প্রত্যক্ষ করেছে।
৪১% শিশু সহিংসতা সম্পর্কে আগে কিছু জানত না, ৩৬% আন্দোলনের উদ্দেশ্য জানত। ৫৫.৭% শিশু সরাসরি সহিংসতায় অংশ নিয়েছে। কারফিউর কারণে ৫৪% শিশু খাদ্য, পানি ও আশ্রয়ের সংকটে পড়ে, ৬০% শিশুর আয় বন্ধ হয়। ৬১% শিশু ভয়, আতঙ্ক ও মানসিক ট্রমায় ভুগছে, ৭৫% এখনও উদ্বেগে দিন কাটাচ্ছে। সহিংসতা পরবর্তী সময়ে ৬১% শিশু তুলনামূলক নিরাপদ বোধ করছে। ৪১% শিশু এনজিও ও কমিউনিটির সহায়তা পেয়েছে, মাত্র ১৯% পরিবারের সংস্পর্শে থাকতে পেরেছে। বর্তমানে ৩৩% ভিক্ষা, ২৩% আবর্জনা কুড়িয়ে জীবিকা চালায়।
গবেষণার প্রধান ড. নিলয় রঞ্জন বিশ্বাস বলেন, “পথই এসব শিশুর জীবনের কেন্দ্র। সেখানে সংঘটিত সহিংসতা তাদের অস্তিত্বকেই ঝুঁকিতে ফেলে। রাজনৈতিক উদ্দেশ্যে শিশুদের ব্যবহার বন্ধ না হলে, তারা বারবার এমন দুর্যোগের শিকার হবে।” প্রতিবেদনে শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনের জন্য সরকার, প্রতিষ্ঠান ও পেশাজীবীদের কার্যকর উদ্যোগের আহ্বান জানানো হয়।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।




