প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

ঈশ্বরদী ইপিজেডের পানি পান করে ডায়রিয়ায় আরও এক শ্রমিকের মৃত্যু

ঈশ্বরদী ইপিজেডের পানি পান করে ডায়রিয়ায় আরও এক শ্রমিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদী রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সর্বশেষ মঙ্গলবার সকাল ৯টার দিকে মারা যান মাহফুজা খাতুন (৩০)। তিনি নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানির শ্রমিক এবং পৌর এলাকার পিয়ারাখালীর বাসিন্দা সাগর হোসেনের স্ত্রী। তার পরিবার জানিয়েছে, ইপিজেডের সরবরাহকৃত দূষিত পানি পান করেই তিনি ডায়রিয়ায় আক্রান্ত হন। এর আগে রবিবার রাতে মারা যান কনা খাতুন (২৫), যিনি আইএইচএম কোম্পানির কোয়ালিটি কাটিং সেকশনে কাজ করতেন।

তিনি সাহাপুর ইউনিয়নের তিলকপুর গ্রামের বাসিন্দা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডায়রিয়া আক্রান্ত শ্রমিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। মঙ্গলবার পর্যন্ত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৭ জনে। তাদের মধ্যে মঙ্গলবারই নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন। অধিকাংশ রোগীই ইপিজেডের বিভিন্ন কোম্পানির শ্রমিক।

ডায়রিয়া পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার বিকেলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একটি ছয় সদস্যের প্রতিনিধি দল ঈশ্বরদীতে পৌঁছায়। তারা ইপিজেড এলাকা পরিদর্শন করে পানি ও অন্যান্য নমুনা সংগ্রহ করেছেন। ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক এ বি এম শহীদুল ইসলাম বলেন, ‘ঈশ্বরদী ইপিজেডে প্রায় ২০ হাজার শ্রমিক কাজ করেন। আমরা দুশ্চিন্তায় আছি। ইতিমধ্যে প্রতিটি কারখানার খাবার পানির নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

কারখানা এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে, এবং বিভিন্ন কোম্পানির মেডিকেল সেন্টারে পর্যাপ্ত খাবার স্যালাইন সরবরাহ রাখা হয়েছে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনও পানির নমুনার পরীক্ষার ফল হাতে আসেনি। রিপোর্ট পেলে প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।’ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী এহসান জানিয়েছেন, রোগীর সংখ্যা দ্রুত বাড়ায় পরিস্থিতি উদ্বেগজনক।

প্রয়োজনীয় চিকিৎসা ও খাবার স্যালাইন সরবরাহ করা হলেও পরিস্থিতির উন্নতির জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা জরুরি।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।