প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

নারীকে লাথি মারার পর কর্মীকে অস্বীকার, বহিষ্কারের পর ফুলের মালা দিয়ে বরণ করে নিলো জামায়াত-শিবির নেতাকর্মীরা

নারীকে লাথি মারার পর কর্মীকে অস্বীকার, বহিষ্কারের পর ফুলের মালা দিয়ে বরণ করে নিলো জামায়াত-শিবির নেতাকর্মীরা

চট্টগ্রামে এক নারীকে পেছন থেকে লাথি মারার ঘটনায় গ্রেপ্তার হওয়া আকাশ চৌধুরী জামিনে মুক্তি পাওয়ার পর তাকে ফুল দিয়ে বরণ করে ছবিতে দেখা যায়, আকাশ চৌধুরীর পাশে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের প্রকাশনা সম্পাদক আবরার হাসান রিয়াদ। আকাশ চৌধুরী জামায়াত নেতা ও সাবেক কাউন্সিলর নেছার আহমেদের ছেলে। তিনি সাতকানিয়া উপজেলার বাসিন্দা এবং ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

নারী লাঞ্ছনার ঘটনায় গত ৩০ মে চট্টগ্রাম মহানগর জামায়াত এক বিবৃতিতে তাকে দল থেকে বহিষ্কার করে। তবে জামিনে মুক্তির পর বুধবার (৪ জুন) তাকে যেভাবে ফুল দিয়ে বরণ করা হয়, তা দলটির আগের বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করে। ফুলের মালা পরিয়ে দেওয়া ও শুভেচ্ছা জানানোর ছবিতে আকাশের পাশে থাকা আবরার হাসান রিয়াদ শুধুমাত্র শিবির নেতা নন, তিনি ‘জুলাই ঐক্য চট্টগ্রাম’-এর প্রধান সমন্বয়কারী হিসেবেও পরিচিত।

তিনি সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর শীলকূপ ইউনিয়ন শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তৃতাও দিয়েছেন। সেদিন হামলার সময় তাকেও দেখা যায় সরব ভূমিকা পালন করতে, পুলিশের সাথে কথা বলতে। উল্লেখ্য,গত ২৮ মে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্রজোট একটি মানববন্ধন কর্মসূচি পালন করছিল। তারা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মানবতাবিরোধী অপরাধ থেকে খালাস পাওয়া এবং রাজশাহীতে ছাত্রজোটের ওপর হামলার প্রতিবাদ জানাচ্ছিল।

কর্মসূচি শুরুর কিছুক্ষণ পরই ‘শাহবাগবিরোধী ঐক্য’ ব্যানারে হামলা করলে দেখা যায় আকাশ চৌধুরী নামের একজন ব্যক্তি পেছন থেকে এক নারী কর্মীকে লাথি মারছেন।এরপর ঘুরে দাঁড়িয়ে আরেকজনকেও আঘাত করেন। এ ঘটনার পর ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা এক বিবৃতিতে জানায়, “এ ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের নাম জড়িয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে।”

তবে এখন ফুল দিয়ে বরণ করে নেওয়া ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছেন শিবির নেতা আবরার হাসান রিয়াদ, যিনি হামলার ঘটনার দিনও শাহবাগবিরোধী ঐক্যের পক্ষ থেকে সক্রিয় ছিলেন। অন্যদিকে, চট্টগ্রাম মহানগর জামায়াত ৩০ মে এক বিবৃতিতে জানায়, “আকাশ চৌধুরী সংগঠনের অনুমতি ছাড়া ওই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তার কর্মকাণ্ড নিন্দনীয়। এজন্য তাকে বহিষ্কার করা হয়েছে।”

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।