বকেয়া বেতন-ভাতার দাবিতে জুটমিল শ্রমিকদের সড়ক অবরোধ-বিক্ষোভ

বকেয়া বেতন-ভাতার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে মালেক জুট মিলের শতাধিক শ্রমিক আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার জুটমিল শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বস্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠে। মালেক জুট মিলের বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, মালিক কর্তৃপক্ষ আমাদের বকেয়া বেতন-ভাতা ঠিকমতো পরিশোধ করছে না।
কথায় কথায় বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই ও ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মিল বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে। আমাদের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মালেক জুট মিলের উপ-মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান বলেন, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা খুবই কম সময়ের মধ্যেই পরিশোধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ কারণে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মালেক জুট মিলের মালিকপক্ষের সঙ্গে কথা বলে বেতন-ভাতা পরিশোধ করার বিষয়ে শ্রমিকদের আশ্বস্ত করা হলে শ্রমিকরা মহাসড়ক থেকে তাদের অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





