নিজের কারখানায় চোর সন্দেহে গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে আহত; বিক্ষোভে সহকর্মীরা

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় চোর সন্দেহে একটি গার্মেন্টস কারখানার শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওই ঘটনার প্রতিবাদে শনিবার (২৮ জুন) দুপুরে কারখানার সহশ্রমিকরা বিক্ষোভ করেন। আহত ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৫ বছর এবং তিনি গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেডের শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কোনাবাড়ীর কাশিমপুর রোডের পাশে অবস্থিত গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানায় ওই যুবক প্রবেশ করলে কারখানার নিরাপত্তাকর্মীরা তাকে চোর সন্দেহে আটক করেন। পরে তাকে কারখানার ভেতরে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কারখানা কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে শনিবার দুপুরে শ্রমিকদের মাঝে ক্ষোভ দেখা দেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে এবং আশপাশের এলাকায় বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা কোনাবাড়ী বিসিক এলাকায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি কারখানায় আগাম ছুটি ঘোষণা করা হয়। গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন আহমেদ জানান, চোর সন্দেহে এক যুবককে কারখানার লোকজন পিটিয়ে আহত করে। এ ঘটনার যে ধরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





