নিজেদের গণহত্যায় ১ লাখ ফিলিস্তিনি নিহত: ইসরায়েলি দৈনিক হারেৎজ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা গাজার মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশ, এমনটাই জানিয়েছে ইসরায়েলি দৈনিক হারেৎজ। এই সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া ৫৬,৩০০ মৃত্যুর হিসাবের চেয়েও অনেক বেশি। হারেৎজ জানায়, যুদ্ধের সরাসরি হামলার পাশাপাশি ক্ষুধা, রোগ ও ঠান্ডাজনিত কারণে আরও বহু মানুষ প্রাণ হারিয়েছেন। যুদ্ধের ফলে গাজার স্বাস্থ্যব্যবস্থা ধসে পড়েছে, ফলে পরোক্ষ মৃত্যুও বেড়েছে।
ব্রিটেনের হালোওয়ে কলেজের অধ্যাপক মাইকেল স্প্যাগাট পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, জানুয়ারি ২০২৫ পর্যন্ত গাজায় ৭৫,২০০ জন সহিংসভাবে নিহত হয়েছেন, যাদের ৫৬ শতাংশই নারী ও শিশু। এই অনুপাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনও সংঘাতে দেখা যায়নি। স্প্যাগাট বলেন, “এই যুদ্ধ ২১শ শতাব্দীর সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতগুলোর একটি, এবং অসামরিক লোকজনের মৃত্যুহারের দিক থেকে সম্ভবত সর্বোচ্চ।”
এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে একটি মামলা চলছে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ)।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।




