প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

অতিরিক্ত কাজের চাপ ও বেআইনি ছাঁটাই বন্ধের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ফটোকার্ড: অতিরিক্ত কাজের চাপ ও বেআইনি ছাঁটাই বন্ধের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের অনন্ত ক্যাজুয়াল অয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা বেআইনি ছাঁটাই এবং অতিরিক্ত কাজের চাপ বন্ধ করার দাবিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সোমবার (৩০ জুন) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টঙ্গীর আইআরআই রোডের ওই প্রতিষ্ঠানের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে কলকারখানা কর্তৃপক্ষের প্রতিনিধি কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের প্রতিশ্রুতি দিলে তারা দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে চলে যান।

অনন্ত ক্যাজুয়াল অয়্যার লিমিটেড গাজীপুর মহানগরীর কুনিয়া (তারগাছ) এলাকায় অবস্থিত। অবস্থানকারী শ্রমিকরা জানান, শুনেছি মালিক কারখানা বন্ধ করে দেবে। গত একমাসে প্রায় ৮১৫ জন শ্রমিক ছাঁটাই করে একটি ফ্লোর খালি করা হয়েছে। রবিবার দুপুর ১২টা পর্যন্ত আমরা কারখানায় কাজ করেছি। বেআইনি ছাঁটাই, অতিরিক্ত কাজের চাপ এবং জোরপূর্বক চাকরি থেকে অব্যাহতি দেওয়া বন্ধ করার দাবিতে সোমবার দুপুরের পর কাজ বন্ধ করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে এসে অবস্থান নেই।

আমাদের অনেক সহকর্মী শ্রমিকদের হঠাৎ করে কারখানা থেকে বের করে দিয়েছে। আমরাও এখন চাকরি হারানোর আতঙ্কে আছি। আমাদের দাবি হঠাৎ করে কারখানা থেকে ছাঁটাই করা যাবে না। এদিকে, শ্রমিকদের অসন্তোষের কারণে অনন্ত ক্যাজুয়াল অয়্যার লিমিটেড কারখানা কর্তৃপক্ষ রবিবার (২৯ জুন) বিকেলে ছুটির নোটিশ টানিয়ে দেয়। নোটিশে উল্লেখ করা হয়, সোমবার (৩০ জুন) অত্র ফ্যাক্টরির সকল সেকশন বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (১ জুলাই) থেকে কারখানা খোলা থাকবে।

সকলকে যথাসময়ে কাজে যোগদান করে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করা হলো। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মোতালেব মিয়া বলেন, “শ্রমিকদের দাবি ছিল মালিকপক্ষ জোরপূর্বক শ্রমিক ছাঁটাই করছে এবং অতিরিক্ত কাজের চাপও রয়েছে। তাদের এ ভাষ্য কিছুটা গুজব, কিছুটা সত্যি। শ্রমিকদের দাবির বিষয়ে আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি।

শ্রমিকদের অতিরিক্ত কাজের চাপ যেন না থাকে, তাদের যতটুকু সক্ষমতা আছে সেভাবে যেন কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনা করার বিষয়ে মালিকপক্ষের কাছ থেকে পাওয়া প্রতিশ্রুতির কথা শ্রমিকদের জানালে তারা দুপুর সাড়ে ১২টার দিকে চলে যান। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুরের জেলা শাখার সভাপতি জিয়াউল কবীর খোকন বলেন, “অনন্ত ক্যাজুয়াল অয়্যার লিমিটেড কারখানা বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই করে। তবে, শ্রম আইন অনুযায়ী ছাঁটাইকৃত শ্রমিকদের পাওনা পরিশোধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

শ্রমিকরা ছাঁটাই চায় না, চাকরি চায়। ছাঁটাই বন্ধের প্রতিবাদে শ্রমিকরা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে এসেছিলেন।” তিনি আরও বলেন, “গত এক মাসে ৮১৫ জন শ্রমিক ছাঁটাই করেছে ওই কারখানা। যাদের জোর করে ছাঁটাই করা হয়েছে, তাদের সংসার চালানোর আর কোনো পথ রইলো না।” অনন্ত ক্যাজুয়াল অয়্যার লিমিটেড কারখানার ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) বদর উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর হাবীল বলেন, “রবিবার শ্রমিকরা কাজ না করে কারখানায় অবস্থান করেছেন। ওই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ এদিন বিকেলে কারখানা ছুটি ঘোষণা করে। সোমবারেও শ্রমিকরা তাদের দাবি নিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিচে সাড়ে তিন ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।” সূত্র: ঢাকা ট্রিবিউন

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।