প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

দিনাজপুর ও জয়পুরহাটে নারী ফুটবল ম্যাচ বন্ধের দাবিতে হামলা-ভাঙচুর

ফটোকার্ড: দিনাজপুর ও জয়পুরহাটে নারী ফুটবল ম্যাচ বন্ধের দাবিতে হামলা-ভাঙচুর

দিনাজপুরের হাকিমপুর ও জয়পুরহাটের আক্কেলপুরে নারী ফুটবল ম্যাচ বন্ধের দাবিতে তৌহিদী জনতার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাওনা এলাকায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে নারী ফুটবল ম্যাচ বন্ধ করতে তৌহিদী জনতার ব্যানারে মাঠে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আয়োজকদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এবং হাকিমপুর থানার ওসি সুজন মিঞা আহতদের দেখতে হাসপাতালে যান।

ওসি বলেন, "যারা ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।" স্থানীয় সূত্র জানায়, যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই নারী ফুটবল ম্যাচ শুরুর আগে থেকেই একটি পক্ষ এর বিরোধিতা করে আসছিল। তারা খেলা বন্ধের দাবিতে মিছিল ও স্মারকলিপি দেয়। সংঘর্ষে আহতদের মধ্যে এক ব্যক্তির মাথায় গুরুতর আঘাত লেগেছে, যার জন্য সিটি স্ক্যান প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক।

অন্যদিকে , জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয়ের মাঠে বুধবার (২৯ জানুয়ারি) জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার (২৮ জানুয়ারি)বিকেলে তৌহিদী জনতার বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মুসল্লিদের একাংশ মাঠে মিছিল নিয়ে গিয়ে টিনের বেড়া ভাঙচুর করেন। আয়োজক টি স্টার ক্লাবের সভাপতি সামিউল হাসান জানান, হামলায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, "নারী ফুটবল ম্যাচ আয়োজনে বাধা দিতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।" মুসল্লিরা সমাবেশে নারীদের খেলাকে ইসলামবিরোধী বলে দাবি করেন এবং আয়োজকদের সতর্ক থাকার আহ্বান জানান। সূত্র: বাংলা ট্রিবিউন , প্রথম আলো

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।