তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের বাঘিনীরা

এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে তুর্কমেনিস্তানের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ইয়াঙ্গুনের থাউন্না স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই সব গোল করে দাপটের সঙ্গে ম্যাচ শেষ করে বাঘিনীরা। বাংলাদেশ এই ম্যাচে কোনো চাপ ছাড়াই খেলেছে। আগের ম্যাচেই স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছিল তারা। তবে কোচ পিটার বাটলার কোনো ঝুঁকি নেননি।
আগের ম্যাচের একাদশেই মাঠে নামান তিনি এবং সেই একাদশই গোলবন্যা বইয়ে দেয় প্রতিপক্ষের জালে। গোল উৎসব শুরু হয় ম্যাচের ৪ মিনিটেই, স্বপ্না রানীর দুর্দান্ত দূরপাল্লার শটে। ৬ ও ১৩ মিনিটে দুটি গোল করে ব্যবধান বাড়ান শামসুন্নাহার জুনিয়র। এরপর ১৬ মিনিটে মনিকা চাকমা, ১৮ ও ৪০ মিনিটে ঋতুপর্ণা চাকমা ও ২১ মিনিটে তাহুরা খাতুন গোল করে প্রথমার্ধেই স্কোরলাইন দাঁড় করান ৭-০। ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আক্রমণ বজায় রাখলেও আর গোল করতে পারেনি।
তুর্কমেনিস্তান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাদের দুর্বল বল নিয়ন্ত্রণ ও পাসিং তাদের সীমাবদ্ধতা স্পষ্ট করে তোলে। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে থেকে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। এই সাফল্য দেশের নারী ফুটবলের জন্য একটি বড় মাইলফলক।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





