গাজীপুরে শ্রমিকদের বকেয়া মজুরির দাবিতে আমরণ অনশন

গাজীপুরের ইউনিক ডিজাইন কারখানার ছাটাইকৃত শ্রমিকরা তাদের বকেয়া পাওনা এবং ন্যায্য মজুরির দাবিতে কারখানা গেটে অনশন শুরু করেছেন। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন শ্রমিক ও অভ্যুত্থানকারী ছাত্র সংগঠনের যুগ্ম আহ্বায়ক শেখ রায়হানসহ দুইজন শ্রমিক। তারা জানান, শ্রমিকদের ন্যায্য মজুরি ও মর্যাদার লড়াই জারি রয়েছে এবং তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে সংগ্রাম করতে প্রতিজ্ঞাবদ্ধ।
উল্লেখ্য, ইউনিক ডিজাইন কারখানার মালিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, রমজানের আগে তিনি শ্রমিকদের বেতন ও পাওনা পরিশোধ না করেই কারখানার গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। এই ঘটনায় শ্রমিকরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। স্থানীয় শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন-বোনাসের বিষয়ে মালিক পক্ষের সঙ্গে টালবাহানা চলছে। তারা বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। শ্রমিকরা জানিয়েছেন, তারা কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই চাকরি হারিয়েছেন, যা তাদের জীবন-জীবিকার জন্য বিপজ্জনক।
ভুক্তভোগী এক শ্রমিক বলেন, "আমাদের পরিবার-পরিজন নিয়ে চলার মতো আর কোনো উপায় নেই। মালিক আমাদের রাস্তায় বসিয়ে দিয়েছে!"
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





