সিইপিজেডে বকেয়া বেতন-বোনাসের দাবিতে মোডেস্ট লিমিটেডের শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) এম এস মোডেস্ট লিমিটেড নামে একটি পোশাক কারখানার কয়েকশ’ শ্রমিক বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সোমবার (১৯ মে) চার ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। দুপুর ২টা থেকে নগরীর ফ্রিপোর্ট মোড়ে অবস্থান নেন বিক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, গত ঈদুল ফিতরের বোনাস এখনো পরিশোধ করা হয়নি। এছাড়া মে মাসের অর্ধেক পার হয়ে গেলেও এপ্রিল মাসের বেতনও তারা পাননি। মালিকপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি।
প্রাথমিকভাবে শ্রমিকরা সকাল ৮টা থেকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। তবে মালিকপক্ষ কোনো সদুত্তর না দেয়ায় তারা দুপুরে সিইপিজেড এলাকা থেকে বের হয়ে ফ্রিপোর্ট মোড় অবরোধ করেন। নগরীর ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতারুজ্জামান বলেন, "বকেয়া বেতন-বোনাসের দাবিতে একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা প্রথমে শান্তিপূর্ণভাবে তাদের সরানোর চেষ্টা করেছি। কিন্তু তারা সরেনি। এখন বেপজা কর্তৃপক্ষ কারখানার মালিকের সঙ্গে যোগাযোগ করেছে।
আশা করছি, দ্রুত সমাধানে পৌঁছানো যাবে।" সূত্র: সারাবাংলা.নেট, ছবি: চট্টলার খবর।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





